পুনাক জায়া জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ। বুধবার সকালে প্রথম ভোটগ্রহণ শুরু হয়েছে পাপুয়ায়। ১৯৯৮ সালে সুহার্তো শাসনের পতনের পর এটি ইন্দোনেশিয়ায় ২য় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন।
জনমত জরিপে এ পর্যন্ত এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো। নির্বাচনে তিনিই ২য় মেয়াদে জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে। ইয়োধোইয়োনো নির্বাচিত হলে ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়ার পথ সুগম হবে বলেই আশা করছেন অনেকে।
পাপুয়ায় ভোট দিতে আসা এক ভোটার আন্দ্রে পিগাইয়ের উক্তি, " জাতীয় কর্মসূচির কারণে আমি এসবিওয়াই (ইয়োধোইয়োনো) কে ভোট দিতে প্রস্তুত। তিনিই বেশি যোগ্য।" ভোট দিতে আসা অন্যান্যরা ইয়োধোইয়োনোর দরিদ্রদের জন্য সহায়ক নীতির কথা উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
"তার ফ্রি স্বাস্থ্যকর্মসূচির মতো গণমুখী কর্মসূচি আছে। পুনাক জায়ার লোকজনদের জন্য যা খুবই উপযোগী"--- মন্তব্য করেছেন আরেক ভোটার ডেভিড তালেঙ্গিন।
পাপুয়ায় রয়টার্সের প্রত্যক্ষদর্শী শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের কথা জানিয়ে বলেছেন, এমন প্রত্যন্ত অঞ্চলের ভোটেও সহিংসতার কোনও খবর পাওয়া যায়নি।
তবে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। পূর্বাঞ্চলীয পাপুয়া এবং পশ্চিমাঞ্চলীয় আচি দুই প্রদেশেই নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
৫ লাখ ভোটকেন্দ্রের জন্য নিবন্ধীকৃত ভোটার সংখ্যা ১৭৬ মিলিয়ন।
ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। ভোটের কয়েকঘন্টা পরই দ্রুত গণনা শেষে ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৯ ঘ.
bdnews24