২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সেনাবহরে তালেবান হামলায় ১২ সেনা নিহত

পাকিস্তানের আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে রোববার তালেবান জঙ্গিরা একটি সেনাবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে ১২ সেনাকে হত্যা করেছে। এ ঘটনায় আরও ১০ সেনা আহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের ঘাঁটিতে সেনাদের পুরোদস্তুর অভিযান শুরুর প্রস্তুতির মধ্যে এ ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ওয়ানা, পাকিস্তান, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে রোববার তালেবান জঙ্গিরা একটি সেনাবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে ১২ সেনাকে হত্যা করেছে। এ ঘটনায় আরও ১০ সেনা আহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের ঘাঁটিতে সেনাদের পুরোদস্তুর অভিযান শুরুর প্রস্তুতির মধ্যে এ ঘটনা ঘটল। সোয়াত উপত্যকায় তালেবান বিরোধী অভিযান সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তান। এখন দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদের ওপর নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের তালেবান বিরোধী এ অভিযানের প্রশংসা করেছে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস জানিয়েছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার জেনারেল পেত্রাউস পাকিস্তানি নেতাদের সঙ্গে বৈঠক করতে গেছেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পেত্রাউস পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। দক্ষিণ ওয়াজিরিস্তান ও সোয়াত উপত্যকায় তালেবানদের ওপর হামলার জবাবে পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলা ও আত্মঘাতী হামলা চালাচ্ছে তালেবানরা। এছাড়াও সেনাবাহিনীর ওপরও তারা হামলা চালাচ্ছে। উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানের আফগান সীমান্তের কাছে তালেবান জঙ্গিদের আরেকটি ঘাঁটি। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিরা সেনাবহরে রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। এতে কয়েকটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১২ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। কয়েক মাসের মধ্যে এটিই সেনাবাহিনীর ওপর বড় ধরনের জঙ্গি হামলা। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, "নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বেশ কিছু সময় গুলি বিনিময় হযেছে। এতে ১০ সন্ত্রাসীও নিহত হয়েছে।" তালেবানরা পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা নেওয়ায় এবং পরমাণু অস্ত্রের জন্য হুমকি হয়ে ওঠায় সরকার তাদেরকে নির্মূলের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এ সিদ্ধান্তজনগণের সমর্থন পেয়েছে। এছাড়াও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও একে স্বাগত জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২১ ঘ.