২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষটা এলভিসের মতোই হবে ভেবে জ্যাকসন ভয় পেতো: লিসা

মাইকেল জ্যাকসনের ক্ষত বিক্ষত হৃদয় আগেই জেনেছিল, তার শেষটাও এলভিস প্রিসলির মতোই হবে। শুক্রবার এলভিস প্রিসলির মেয়ে ও মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা ম্যারি এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লস এঞ্জেলেস, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইকেল জ্যাকসনের ক্ষত বিক্ষত হৃদয় আগেই জেনেছিল, তার শেষটাও এলভিস প্রিসলির মতোই হবে। শুক্রবার এলভিস প্রিসলির মেয়ে ও মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা ম্যারি এ কথা বলেছেন। নিজের ব্লগ সাইট মাইস্পেসে লিসা লিখেছেন, জ্যাকসনের সঙ্গে তার সম্পর্কটি আন্তরিক ছিল না বলে মিডিয়ায় যা লেখা হয়েছে তা সত্যি নয়। মাইকেলকে তার আত্মবিধ্বংসী আচরণ থেকে বাঁচাতে পারেননি বলেই মূলত তাদের বিচ্ছেদ হয়। ৪১ বছরের লিসা লেখেন, "আমাদের সম্পর্ক খাঁটি ছিল না বলে পত্রিকায় যা লেখা হয়েছে তা মিথ্যা। জ্যাকসন চেষ্টা করেছে আমাকে যতটা সম্ভব ভালোবাসার, যেরকমটা সে আর সবার জন্যই করেছে। আমিও তাকে ভীষণ ভালোবাসতাম।" রক এন রোল এর প্রকৃত সম্রাট এলভিস প্রিসলির একমাত্র সন্তান লিসা জানান, একবার মৃত্যু নিয়ে জ্যাকসনের সঙ্গে তার কথা হয়েছিল। সেটা ছিল ১৯৭৭ সালের ১৬ আগস্ট। "জ্যাকসন আমার দিকে স্থির দৃষ্টিতে বড় বড় চোখে তাকিয়ে শান্ত গলায় থেমে থেমে বলল, আমি ভয় পাচ্ছি আমার জীবনও না ওর (এলভিস) মতো করে শেষ হয়। যেভাবে সে মারা গেল।" মাদকসেবনকারী এলভিস প্রেসলি মাত্র ৪২ বছর বয়সে মারা যান। লিসা লিখেছেন, তিনি বার বারই জ্যাকসনের এমন ধারণা ভেঙে দিতে চেয়েছেন। কিন্তু জ্যাকসন বার বারই মাথা নাড়িয়ে তার আপত্তি উড়িয়ে দিয়েছেন। যেন তার ভাবনাটাই এক্ষেত্রে একদম ঠিক। লিসা বলেন, "আজ আমি টিভির সামনে বসে ভারাক্রান্ত হৃদয়ে তার মৃত্যুর খবর দেখছি, আর বার বার আমার মনে পড়ছে ওই দিনটির কথা, যা আমি আর কখনই দেখতে চাইনি, অনবরত সেই দৃশ্যটিই ভেসে উঠছে- মাইকেল বলছেন, আমি সত্যি সত্যিই এভাবে শেষ হয়ে যাব।" লিসা লিখেছেন, জ্যাকসনের পরিবারের সদস্যদের সঙ্গে সেও জ্যাকসনকে আত্মবিনাশী আচরণ থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তিনি ওই অবস্থা আর সহ্য করতে পারেননি বলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিচ্ছেদ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭৪৭ ঘ.