২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে 'দাঙ্গাকারীদের' মৃত্যুদণ্ড চান খাতামি

ইরানের কট্টরপন্থী ধর্মীয় নেতা আহমেদ খাতামি শুক্রবার 'দাঙ্গাকারীদের' মৃত্যুদণ্ড আহ্বান করেছেন। ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচন বিরোধীদের সমূলে উৎপাটনে ইরান কর্তৃপক্ষের অটল অবস্থানের এটিই সর্বশেষ ইঙ্গিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

তেহরান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইরানের কট্টরপন্থী ধর্মীয় নেতা আহমেদ খাতামি শুক্রবার 'দাঙ্গাকারীদের' মৃত্যুদণ্ড আহ্বান করেছেন। ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচন বিরোধীদের সমূলে উৎপাটনে ইরান কর্তৃপক্ষের অটল অবস্থানের এটিই সর্বশেষ ইঙ্গিত। ইরানের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান 'গার্ডিয়ান কাউন্সিল বলেছে, তারা নির্বাচনে কোনও বড় ধরনের গলদ পায়নি। বরং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটাই ছিল সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। সংস্কারবাদী সাবেক প্রধানমন্ত্রী মীরহোসেন মুসাভি নির্বাচন বাতিলের আবেদনও কাউন্সিল খারিজ করে দিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে আহমেদ খাতামি বলেন,"আমি চাই বিচারবিভাগ নেতৃত্বস্থানীয় দাঙ্গাকারীদের কোনও দয়ামায়া না দেখিয়ে কঠোর সাজা দিক। যাতে প্রত্যেকেই একটা শিক্ষা পায়।" ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দাঙ্গাকারীরা ৮ জন মিলিশিয়াকে হত্যা করেছে। আগে দাঙ্গায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল টেলিভিশন। ইরান সরকার দাঙ্গার জন্য বিরোধীদলীয় নেতা মুসাভিকেই দায়ী করেছে। বিশেষজ্ঞ পরিষদের সদস্য খাতামি বলেন,"বিচার বিভাগের উচিত নেতৃস্থানীয় দাঙ্গাবাজদের 'মোহারেব' হওয়ার অভিযোগ আনা, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে।" ইসলামিক শরিয়া আইন অনুযায়ী এদের নির্মম সাজা দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৮৩৪ ঘ.