তেহরান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল শুক্রবার ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনকে সুষ্ঠু ঘোষণা করেছে। কাউন্সিল বলেছে, নির্বাচনে বড় ধরনের কোনও অনিয়ম ঘটেনি। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এ নির্বাচনকেই সবচেয়ে সুষ্ঠু বলে অভিহিত করেছে তারা।
কাউন্সিলের মুখপাত্র আব্বাসালী কাদখোদাই বলেছেন, "গার্ডিয়ান কাউন্সিল পরাজিত প্রার্থীদের অভিযোগগুলো খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে..... এতে দেখা গেছে, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিই ইরানে সবচেয়ে সুষ্ঠু ভোট.......... নির্বাচনে বড় ধরনের কোনও অনিয়ম ঘটেনি।"
গার্ডিয়ান কাউন্সিল এর আগে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির নির্বাচন বাতিলের আহ্বান প্রত্যাখ্যান করেছে। ওদিকে, বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের অঙ্গীকার করেছেন ইরানের বিরোধীদলীয় সংস্কারবাদী নেতারা।
দাঙ্গা পুলিশ ও ধর্মীয় মিলিশিয়া বাহিনী বুধবার গণবিক্ষোভ ঠেকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দমেননি বিরোধী নেতারা।
সংস্কারবাদী ধর্মীয় নেতা মেহদি কারুবি নতুন সরকারকে 'অবৈধ' আখ্যা দিয়েছেন। নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির স্ত্রী বলেছেন, ইরানিদের অধিকার রক্ষায় বৈধ বিক্ষোভ চালিয়ে যাওয়াটাই কর্তব্য।
মুসাভিকে সমর্থন দিচ্ছেন ইরানের প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট আকবর হাসেমি রাফসানজানি। রাফসানজানি কম আক্রমণাত্মক বৈদেশিক নীতির সমর্থক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৭ ঘ.
bdnews24