বাগদাদ, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে বুধ ও বৃহস্পতিবারের বোমা হামলার পর শুক্রবার আরেক দফা বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৩ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। একটি শিল্প এলাকায় এই বোমা বিস্ফোরণ ঘটে।
মার্কিন সেনারা ইরাক থেকে চলে যাওয়ার মাত্র ৪ দিন আগে এই বোমা বিস্ফোরণ ঘটল। পুলিশ জানিয়েছে,বাগদাদের কেন্দ্রস্থলে বাব-আল শেখ মটরসাইকেলের বাজারে একটি একটি মোটরসাইকেলে বোমাটি পাতা ছিল।
শুক্রবার এই বোমা বিস্ফোরণের আগে বুধবার বাগদাদের সদর সিটিতে বোমা হামলায় ৭৮ জন নিহত হয়। বৃহস্পতিবার আরও কয়েক দফা বোমা বিস্ফেরণে নিহত হয় কমপক্ষে ৭ জন।
ইরাকে প্রতিনিয়ত এই বোমা বিস্ফোরণের ঘটনায় মার্কিন সেনারা ৩০ জুনের মধ্যে চলে যাওয়ার পর ইরাকি বাহিনী নিরাপত্তা বিধানে কতটুকু সক্ষম হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৬০৬ঘ.
bdnews24