২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান চাপের মুখে নতিস্বীকার করবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার বলেছেন, বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চাপের মুখে ইরান নতিস্বীকার করবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে একথা বলা হয়েছে। খামেনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আইন বাস্তবায়নের ওপর জোর দিয়েছি এবং এর ওপরই জোর দেব। ইরানি কর্তৃপক্ষ ও জাতি কোনও মূল্যেই চাপের কাছে নতিস্বীকার করবে না। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

তেহরান, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার বলেছেন, বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চাপের মুখে ইরান নতিস্বীকার করবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে একথা বলা হয়েছে। খামেনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আইন বাস্তবায়নের ওপর জোর দিয়েছি এবং এর ওপরই জোর দেব। ইরানি কর্তৃপক্ষ ও জাতি কোনও মূল্যেই চাপের কাছে নতিস্বীকার করবে না। ইরানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিনের বিক্ষোভ সংঘর্ষে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছে। বুধবার ইরানের দাঙ্গা পুলিশ নিরাপত্তা অভিযান চালিয়ে রাজধানীতে বিক্ষোভ ঠেকিয়েছে। দাঙ্গা পুলিশ ও ধর্মীয় মিলিশিয়া বাহিনী রাস্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ইরানের কট্টরপন্থি নেতারা দেশি-বিদেশি সমালোচকদের সঙ্গে নিয়ে সম্ভবত আরও কঠোর পথেই এগুচ্ছে। নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির স্ত্রী নির্বাচনের পর আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। তিনি রাস্তায় সশস্ত্র বাহিনীর উপিস্থিতির সমালোচনা করেন। ইরানের অধিকার রক্ষায় বৈধ বিক্ষোভ চালিয়ে যাওয়া তার কর্তব্য বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন পরবর্তী অস্থিরতা বেড়ে যাওয়ার জন্য ইরান যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করেছে। এ সপ্তাহে পাল্টাপাল্টি কূটনীতিক বহিস্কারের পর ইরান ব্রিটেনের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুর্বিবেচনা করে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি। তাছাড়া এ সপ্তাহে আফগানিস্তান নিয়ে ইতালিতে জি-এইট সম্মেলনেও ইরানের যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তিনি প্রভাবশালী কিছু শক্তির অধীনে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। ১২ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচনের আহমাদিনেজাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মীরহোসেন মুসাভি ও তার সমর্থকেরা এ ফল মেনে না নিয়ে পুনরায় ভোটের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ-সমাবেশ করে এসেছে। ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইতোপূর্বে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করা হবে না বলে জানানোর পর খামেনির নির্বাচনের ব্যাপারে নতিস্বীকার না করার অঙ্গীকার করলেন। তবে গার্ডিয়ান কাউন্সিলের অনুরোধে নির্বাচন নিয়ে অভিযোগ জানানোর সময় আরও ৫ দিন বাড়িয়েছেন খামেনি। ওদিকে, আহমাদিনেজাদ ২৬ জুলাই এবং ১৯ আগস্টের মধ্যে যে কোনও দিন শপথ নিতে পারেন বলে জানিয়েছে ইরানের একটি পত্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ ঘ.