জাতিসংঘ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে বেসামরিক লোকজনের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নির্বাচনপরবর্তী বিক্ষোভ দমনে নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বানের তথ্য কার্যালয় থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা "বিশেষ করে বেসামরিকদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ঘটনায়" হতাশ।
১২ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোটে পুনর্র্নিবাচিত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচনের আহমাদিনেজারে প্রধান প্রতিদ্বন্দ্বী মীরহোসেন মুসাভি ও তার সমর্থকেরা এ ফল মেনে না নিয়ে পুনরায় ভোটের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ-সমাবেশ করে আসছে।
এ ধরনের এক বিক্ষোভে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। ওদিকে সোমবার দেশটির কট্টরপন্থি রেভিল্যুশনারি গার্ড বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের অঙ্গীকার করেছে।
জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, বান "কর্তৃপক্ষকে মৌলিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিশেষ করে মতপ্রকাশ, সমাবেশ করার এবং তথ্য পাওয়ার স্বাধীনতার প্রতি প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।"
সেইসঙ্গে আরও বলা হয়েছে, "তিনি গ্রেপ্তার, হুমকি প্রদান এবং শক্তি ব্যবহার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।"
এছাড়াও বান ইরানি সরকার ও বিরোধী দলকে আলোচনা ও আইনি উপায়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪১ ঘ.
bdnews24