কলকাতা, ভারত, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে মাওবাদীদের ঘোষিত 'মুক্ত' অঞ্চল লালগড়ের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে পুলিশ। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পুলিশ কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আসছিল। অ্যান্টি ল্যান্ড-মাইন গাড়ি সামনে রেখে শত শত পুলিশ যুদ্ধের প্রস্তুতি নিয়ে শনিবার শহরটিতে প্রবেশ করেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রধান রাজ কানোজা রয়টার্সকে বলেন, "আমাদের বাহিনী কোনো প্রতিরোধ ছাড়াই শহরে প্রবেশ করেছে। আমরা এখন পুরো এলাকাটি মুক্ত করার চেষ্টা চালাচ্ছি।"
মাওবাদি বিদ্রোহীরা শহরটি থেকে সরে গিয়ে ৪ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এখন তাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান শুরু করবে।
অভিযানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা পারভিন কুমার রয়টার্সকে বলেন, "লোকজন যাতে ওই এলাকায় নিরাপদে বাস করতে পারে সে লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব শেষ করব।"
মাওবাদী বিদ্রোহীদের গুলি এবং ভূমিমাইনের মুখে শুক্রবার পুলিশ ও আধাসামরিক বাহিনী লালগড়ের দিকে অগ্রসর হয়। লালগড়ের চারপাশের এলাকা থেকে আদিবাসীরা পুলিশের পিছু ধাওয়া করে।
পুলিশ কর্মকর্তারা জানান, মাওবাদীদের সমর্থনে শত শত গ্রামবাসী লাঠিসোটা, কুড়াল, তীর ধনুক নিয়ে পুলিশের অগ্রযাত্রা প্রতিহত করার চেষ্টা চালায়।
বৃহস্পতিবার গ্রামবাসীদের মানবঢাল ভেঙে লালগড়ের দিকে এগুতে পুলিশ কাঁদানেগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে।
সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে আসা মাওবাদীরা এ সপ্তাহে ১০ জন সরকার সমর্থককে হত্যা করেছে।
এ সপ্তাহে মাওবাদী বিদ্রোহিরা আদিবাসী গ্রামবাসীদের সহায়তায় লালগড়ে পুলিশ ও সরকার সমর্থকদের বিরুদ্ধে সহিংস হামলা চালায়। রাস্তা খুঁড়ে এবং গাছ কেটে তারা ওই অঞ্চলকে অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
মাওবাদীরা লালগড়কে 'মুক্ত' অঞ্চল ঘোষণার পর শত শত আদিবাসী নারী-পুরুষ লাঠিসোটা, কুড়াল এবং তীর ধনুক নিয়ে লালগড়ের গ্রামগুলো পাহারা বসায়।
ভারতের তৃতীয় বৃহত্তম স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'জেএসডব্লিউ স্টিল লিমিটেড' লালগড়ের কাছে ৭ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলারের ইস্পাত কারখানা স্থাপনের কাজ শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৩ ঘ.
bdnews24