২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভুল স্বীকার, তবে নিহতের সংখ্যা মাত্র ২৬

মে মাসের গোড়ার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই বিমান হামলায় আরও বেশি লোকের নিহত হওয়ার হিসাব দিয়েছিল আফগান সরকার ও একটি মানবাধিকার সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 05:33 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ওয়াশিংটন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মে মাসের গোড়ার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই বিমান হামলায় আরও বেশি লোকের নিহত হওয়ার হিসাব দিয়েছিল আফগান সরকার ও একটি মানবাধিকার সংস্থা। আফগানিস্তানে অভিযান তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড অবশ্য বলেছে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। তারা আফগানিস্তানে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা কমাতে কৌশল পাল্টানোরও অঙ্গীকার করেছে। একইসঙ্গে সেন্ট্রাল কমান্ড বলেছে, ফারাহ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের সময় গত ৪ মে ওই হামলা চালানো যথার্থ ছিল। মার্কিন বিমান হামলায় বেসামারিক জানমালের ক্ষয়ক্ষতিতে পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে আফগানরা। কাবুল ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়। রিপোর্টে জানানো হয়, ৪ মে গেরানি ও গঞ্জ আবাদ গ্রামের কাছে তালেবানদের সঙ্গে মার্কিন সেনার স্থলযুদ্ধে লিপ্ত থাকার সময় বিমান হামলাটি চালানো হয়। তালেবানরা লুকিয়ে আছে বিশ্বাস করে কয়েকটি ভবনের ওপর দুটি বি-১ বোমারু বিমানের হামলায় বেসামরিক লোকগুলো নিহত হয় বলে ধারণা করছে মার্কিন বাহিনী। রিপোর্টে বলা হয়েছে, ভবনগুলোতে বেসামরিক লোকও থাকতে পারে এ ধারণা ছিল না মাটিতে থাকা মার্কিন সেনা ও বিমানের ক্রুদের। আফগান সরকারের হিসাব অনুযায়ী হামলায় নিহত হয়েছিল ১৪০ জন বেসামরিক নাগরিক। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই ঘটনার পর মার্কিন বিমান হামলা বন্ধের আহ্বান জানান। তবে ওয়াশিংটন ওই আহবান প্রত্যাখ্যান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৩৭ ঘ.