তেহরান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের বিরোধীদলীয় রাজনীতিবিদ ইব্রাহিম ইয়াজদি হাসপাতালে থাকাকালে গ্রেপ্তার হয়েছেন। ইয়াজদির এক মিত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন। গত সপ্তাহের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে সংস্কারবাদীদের ব্যাপক ধরপাকড়ের মধ্যে এটিই সর্বশেষ গ্রেপ্তারের ঘটনা।
ফ্রিডম মুভমেন্টের সদস্য ওই মিত্র বলেন, "নিরাপত্তা এজেন্টরা বুধবার ইয়াজদিকে নিয়ে গেছে। ওই সময় পাকস্থলীর সমস্যার কারণে হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা চলছিল।"
ইয়াজদিকে গ্রেপ্তারের ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
নিষিদ্ধ ফ্রিডম মুভমেন্টের প্রধান ইয়াজদি ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রথম সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
সোমবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়াজদি বলেন, ১২ জুনের নির্বাচন গভীর মতানৈক্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং তিন দশক আগের বিপ্লবের পর থেকে এ সময়েই ইরান সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, গত শুক্রবারের ভোটের পর থেকে ফ্রিডম মুভমেন্টের আরও ৭ সদস্য আটক হয়েছে। এর মধ্য দিয়ে তিনি ইরানে রাজনৈতিক দমনপীড়ন বাড়ছে বলে সতর্ক করে দেন।
ইরানে ইয়াজদি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ। তবে ইরানের রাষ্ট্রীয় নীতির ওপর তার কোনও প্রভাব নেই এবং জনসমর্থনও সীমিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24