২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে বুধবারও বিক্ষোভ করার সংকল্প মুসাভির সমর্থকদের

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির সমর্থকরা বুধবারও তেহরানে বিক্ষোভ করার সংকল্প ব্যক্ত করেছে। শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর মুসাভি ফলাফল প্রত্যাখ্যান করায় গত চারদিন তেহরানে সহিংসতাপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

তেহরান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির সমর্থকরা বুধবারও তেহরানে বিক্ষোভ করার সংকল্প ব্যক্ত করেছে। শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর মুসাভি ফলাফল প্রত্যাখ্যান করায় গত চারদিন তেহরানে সহিংসতাপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এরকম সরকারবিরোধী বিক্ষোভ আর হয়নি। ইরানের কর্তৃপক্ষ আংশিক ভোট পুনর্গণনা করতে প্রস্তুত বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও মুসাভির সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রাখায় অনড় রয়েছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মুসাভি ও আরেক পরাজিত প্রার্থী মেহেদি কারুবি বলেছেন, তারা নতুন করে নির্বাচন চান, ভোটের আংশিক পুনর্গণনা চান না। ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল মঙ্গলবার ফলাফল বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছে, তারা কিছু ব্যালট বাক্সের ভোট পুনরায় গণনা করতে তারা প্রস্তুত। বিক্ষোভ আন্দোলনের মুখে ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল বলেছে, "কয়েকজন প্রার্থী যেসব ব্যালট বাক্স নিয়ে প্রশ্ন তুলেছেন সেগুলোর ভোট তাদের প্রতিনিধিদের সামনে পুনরায় গণনা করতে প্রস্তুত কাউন্সিল।" কাউন্সিলের মুখপাত্র আব্বাসলি কাদখোদাইর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, "পুণর্গণনার পর কিছু হিসাবের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতেও পারে।" তেহরানে সোমবার মীরহোসেন মুসাভির প্রতিবাদ সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তির নিহত হওয়ার কথা জানায় ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন। কিভাবে ওই ৭ ব্যক্তির মৃত্যু হল তার বিস্তারিত জানায়নি টেলিভিশনটি। একইদিন রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, নির্বাচন পরবর্তী অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী 'মূল এজেন্টদের' বিস্ফোরক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৩৭ ঘ.