লুক্সেমবার্গ জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া বন্দিদের পুনর্বাসনে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলো। ইইউ সোমবার একথা জানিয়েছে।
ব্রাসেলস এবং ওয়াশিংটনের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইইউ যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধের সিদ্ধান্ত সমর্থন করেছে এবং এতে সহযোগিতা করার প্রস্তুতি নিয়েছে। এখন ইইউ এর সদস্যরাষ্ট্রগুলো মুক্তি পাওয়া বন্দিদের নিতে পারবে।
বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন মুক্তি পাওয়া বন্দিদের ব্যাপারে তথ্য ইইউ সদস্যরাষ্ট্রগুলোকে দেবে এবং প্রতিটি ক্ষেত্রেই বন্দিদের পুনর্বাসনে ইইউ রাষ্ট্রগুলো যে খরচ বহন করবে তাতেও অবদান রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো শিবির বন্ধের সিদ্ধান্তে ইইউ'র এই সমর্থন মার্কিন নীতি পরিবর্তনে এবং যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায়ের সূচনায় সহায়ক হবে বলে আশা করে।
গুয়ানতানামো বন্দি শিবিরে বন্দি নির্যাতনের ঘটনা নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানুয়ারিতে ক্ষমতায় এসেই ওই শিবির বন্ধের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৪ ঘ.
bdnews24