জেনেভা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচ১এন১ ভাইরাস সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকায় বৃহস্পতিবার সোয়াইন ফ্লু মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ৪০ বছরের মধ্যে এটিই প্রথম ফ্লু মহামারী। সুইডেনের স্বাস্থ্যমন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ডব্লিউএইচও ফ্লু মহামারী সতর্কতার মাত্রা বাড়িয়ে ৬ ধাপ করেছে। এতে করে ১৯৬৮ সালের পর বিশ্বে প্রথম ফ্লু মহামারী ঘোষিত হল।
অস্ট্রেলিয়ায় এইচ১এন১ ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার পর ডব্লিউএইচও বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকে। বৈঠক শেষে এই মহামারী ঘোষণা করা হল।
অস্ট্রেলিয়ায় সোয়াইন ফ্লু আক্রান্ত ৫ জনকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। আরও ১ হাজার জনের দেহে এইচ১এন১ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
এপ্রিলে মেক্সিকো দিয়ে শুরু হওয়া সোয়াইন ফ্লু পরবর্তীতে যুক্তরাষ্ট্র ব্রিটেন, অস্ট্রেলিয়া, চিলি, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জার্মানি একটি স্কুলে ২৭ জনের দেহে এইচ১এস১ বভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে।
৭৪ টি দেশে অন্ততপক্ষে ২৭, ৭৩৭ জন ফ্লু আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও'র সর্বশেষ হিসাবে সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়েছে ১৪১ জনের। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সুইডিশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফ্লু মহামারী সতর্কতার মাত্রা ৬ ধাপে বাড়ানোর ডব্লিউএইচও'র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বয়স্ক সেবা ও জনস্বাস্থ্য মন্ত্রী মারিয়া লার্সন সাংবাদিক সম্মেলন ডেকেছেন।
ওদিকে, ফ্লু বিশেষজ্ঞদের জরুরি কমিটির বৈঠকের পর এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জা মহামারী নিয়ে ১৬০০ জিএমটি তে সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যানও সাংবাদিক সম্মেলন ডাকেন। সম্মেলনের আগে ডব্লিউএইচও'র মুখপাত্র এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
মহামারী সতর্কতা এর আগে ৫ ধাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ৬ ধাপই মহামারী ঘোষণার সর্বশেষ ধাপ। সোয়াইন ফ্লুর ভয়াবহতা কিংবা এটি কতটা মারাত্মক সেটি নয় বরং এটি যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ৬ ধাপ সেই সতর্কবার্তাই দিচ্ছে।
এর আগে ডব্লিউএইচও'র মুখপাত্র গ্রেগরি হার্টল বলেন, "ধাপ ৬, আমরা যদি ৬ ধাপ ঘোষণা করি, তার মানে এটি মারাত্মক কিছু নয়। এটি কেবল বিশ্বব্যাপী ফ্লু ছড়িয়ে পড়ার বিষয়টিই নির্দেশ করবে। মহামারী মানেই বিশ্বব্যাপী রোগের বিস্তার। এটি রোগের প্রকোপ কিংবা ভয়াবহতা বোঝাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৪ ঘ.
bdnews24