বান্নু, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পেশোয়ারের পার্ল হোটেলে জঙ্গি হামলার পর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন করে শুরু করা তালেবানবিরোধী অভিযানে ১৩০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুধুমাত্র বান্নু জেলাতেই এত সংখ্যক জঙ্গি মারা পড়েছে বলে জানিয়েছেন ওই এলাকার ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। তবে নিরপেক্ষ সূত্রে নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনী দুদিন আগে বান্নুতে অভিযান শুরু করে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় বান্নু, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং সোয়াত মিলিয়ে জঙ্গি নিহত হয়েছে ৬৬ জন। এদের বেশির ভাগই নিহত হয়েছে বান্নুতে।
বান্নুর শীর্ষ প্রশাসক কামরান জেব রয়টার্সকে বলেছেন, "অভিযান খুব ভালভাবেই চলছে। হেলিকপ্টার গানশিপ, গোলাবারুদ সবকিছুই কাজে লাগানো হচ্ছে।"
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের তালেবান নেতা বয়তুল্লাহ মেহসুদের ঘাঁটি দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রায় ৪০০ জঙ্গি জান্দোলা এবং শিপ্লাতোই নামক দুটি দূর্গে হামলা করেছে। এতে মাত্র ২ সেনা নিহত হয়েছে এবং জঙ্গি নিহত হয়েছে ২২ জন।
বান্নুর অবস্থান পেশোয়ারের ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এটি নর্থওয়েস্ট ফ্রন্ট্রিয়ার প্রদেশের রাজধানী। মঙ্গলবার এখানেই অভিজাত পার্ল হোটেলে বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়।
আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক বলেছেন, হোটেলে হামলাসহ তালেবানদের কর্মকাণ্ডে জনরোষের কারণে পাকিস্তান সরকারের আচরণে নাটকীয় পরিবর্তন প্রত্যক্ষ করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩২ ঘ.
bdnews24