পেশোয়ার, পাকিস্তান, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পেশোয়ারের অভিজাত পার্ল হোটেলে জঙ্গি হামলার পর দেশের উত্তরপশ্চিমাঞ্চলে বুধবার নতুন করে তালেবান বিরোধী অভিযান শুরু করেছে পাকিস্তান। সোয়াত উপত্যকায় অভিযান শেষ হয়ে আসতে থাকায় সেনাবাহিনী পেশোয়ারের ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের বান্নু জেলায় নতুন করে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে।
বান্নুতে ৮০০ জঙ্গি প্রবেশ করায় সেখানে নতুন করে অভিযান শুরু করল সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেছেন, "হেলিকপ্টার গানশিপ, গোলাবারুদ নিয়ে হামলা চালানো হচ্ছে। অভিযানে নেমেছে স্থল সেনারাও।" তবে তিনি জঙ্গি হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
বান্নু জেলার অবস্থান ওয়াজিরিস্তান আদিবাসী অঞ্চলের প্রবেশদ্বারে। এটি তালেবান ও আল কায়েদা জঙ্গিদের আরেকটি ঘাঁটি। উত্তরপশ্চিমাঞ্চলের আরও কয়েকটি অংশে তালেবানরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনীর একটি বিবৃতিতে একথা বলা হয়েছে।
এপ্রিলে সোয়াতে সেনা অভিযান শুরুর পর থেকেই জঙ্গিরা পাকিস্তানের বিভিন্ন নগরীতে হামলা জোরদার করেছে। সোয়াত অভিযানে ১৩০০ জঙ্গি এবং ১০৫ সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৪ ঘ.
bdnews24