২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যার নির্দেশ দিয়েছিলেন খেমাররুজ যুদ্ধাপরাধী ডাচ

ক্যাম্বোডিয়ার খেমাররুজ নেতা পলপটের অন্যতম শীর্ষ সহযোগী ও প্রধান কারারক্ষক ডাচ কুখ্যাত এস-টুয়েন্টিওয়ান শিবিরের বন্দিদের শিশুদের হত্যার নির্দেশ দেওয়ার কথা সোমবার স্বীকার করেছেন। শিশুরা যাতে বড় হয়ে প্রতিশোধ নিতে না পারে সেজন্যই তাদের হত্যা করা হয়েছে বলে জানান তিনি। ক্যাম্বোডিয়ার বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ডাচ একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

নমপেন, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যাম্বোডিয়ার খেমাররুজ নেতা পলপটের অন্যতম শীর্ষ সহযোগী ও প্রধান কারারক্ষক ডাচ কুখ্যাত এস-টুয়েন্টিওয়ান শিবিরের বন্দিদের শিশুদের হত্যার নির্দেশ দেওয়ার কথা সোমবার স্বীকার করেছেন। শিশুরা যাতে বড় হয়ে প্রতিশোধ নিতে না পারে সেজন্যই তাদের হত্যা করা হয়েছে বলে জানান তিনি। ক্যাম্বোডিয়ার বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ডাচ একথা বলেছেন। পলপটের বেঁচে থাকা শীর্ষ সহযোগীদের অন্যতম ডাচ খেমাররুজ শাসনামলে নমপেনের কুখ্যাত এস-টুয়েন্টিওয়ান বন্দিশিবিরের প্রধান কারারক্ষক ছিলেন। ১৯৭৫ থেকে ৭৯ সালের মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ হত্যার জন্য তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। সোমবার তিনি শিশু হত্যার দায় স্বীকার করেছেন। তবে বলেছেন, তিনি আসলে খেমাররুজ নেতা পলপটের আদেশ পালন করছিলেন। আদালতে ৬৬ বছর বয়স্ক ডাচ বলেন, "শিশুরা এস-টোয়েন্টিওয়ান শিবিরে পৌঁছলে আমি তাদেরকে হত্যার নির্দেশ দেই। কারণ, তারা প্রতিশোধ নিতে পারে বলে আমরা শঙ্কিত ছিলাম। আমাকে কমিউনিস্ট পার্টির নীতি বাস্তবায়ন করতে হয়েছে।" ডাচ এর বিরুদ্ধে ওই শিবিরে প্রায় ১৪,০০০ ক্যাম্বোডীয়কে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তিনি এর আগে এ অভিযোগ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। গার্ডদেরকে নবজাতকদের হত্যার নির্দেশ কে দিয়েছিল--সোমবার মামলার শুনানিতে ক্যাম্বোডিয়ার কৌঁসুলির এ প্রশ্নের জবাবে ডাচ বলেন, "আমি এই অপরাধের নির্দেশ দেইনি। আমার সহযোগীরা একাজ করেছে বলেই আমরা বিশ্বাস।" জন্মসূত্রে খ্রিষ্টান ডাচ এর প্রকৃত নাম কায়িং গুয়েক ইয়াভ। ক্যাম্বোডিয়ায় মৃত্যুদণ্ড নেই। ফলে ৩০ বছর আগে খেমাররুজ শাসনামলে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে জাতিসংঘের সহায়তায় গঠিত ক্যাম্বোডিয়ার বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হলে ডাচের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তাছাড়া, খেমাররুজদের যুদ্ধাপরাধে অন্য শীর্ষ অপরাধীদের বিচারে একজন প্রধান সাক্ষী হিসেবে কাজে লাগানো হতে পারে ডাচকে। পলপটের বেঁচে থাকা শীর্ষ সহযোগীদের মধ্যে 'ব্রাদার নাম্বার টু' নামে খ্যাত নুয়ান চিয়া, ক্যাম্বোডিয়ার তৎকালীন প্রেসিডেন্ট খিউ সাম্ফান, পররাষ্ট্রমন্ত্রী লেং সারি এবং তার স্ত্রীও এই আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। তবে খেমাররুজদের যুদ্ধাপরাধে নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন এই চারজনই। জাতিসংঘ ও ক্যাম্বোডিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত এই আদালতে দোষী সাব্যস্ত হলে এই পাঁচজনেরই সর্বনিম্ন পাঁচবছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ ঘ.