২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থিদের জয়

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থি দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করার পর ইউরোপীয় নেতারা এ অঞ্চলের দেশগুলোকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার অঙ্গীকার করেছেন। এবারের নির্বাচনে সবচেয়ে কমহারে, মাত্র ৪৩ শতাংশ ভোট পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ব্রাসেলস, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থি দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করার পর ইউরোপীয় নেতারা এ অঞ্চলের দেশগুলোকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার অঙ্গীকার করেছেন। এবারের নির্বাচনে সবচেয়ে কমহারে, মাত্র ৪৩ শতাংশ ভোট পড়েছে। বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে আঞ্চলিক অর্থনীতি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্বাচনে ইইউ'র বেশকয়েকটি দেশের ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটেছে। তবে বড় কয়েকটি অর্থনীতির দেশের ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি দল বেশ ভালো করেছে। এখনো অসমাপ্ত ফলাফলে জানা গেছে, ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) বেশিরভাগ ভোট পেয়েছে। গ্রিন পার্টির ভোট বাড়লেও সোসালিস্টরা আগের অবস্থান খুইয়েছে। ব্রিটেনসহ কয়েকটি দেশের কট্টর-ডানপন্থি শক্তিও ইউরোপীয় পার্লামেন্টে জায়গা করে নিয়েছে। তবে জরিপে যেমনটি বলা হচ্ছিল সেরকম সুবিধা করতে পারেনি এই কট্টরপন্থি দলগুলো। ৭৩৬ আসনের এই পার্লামেন্টের মাধ্যমেই ২৭ সদস্য দেশের ইউ'র বেশিরভাগ আইন পাশ হয়ে থাকে। এবারের ফলাফলে এটা মনে হচ্ছে যে, আরেকটি বিশ্ব অর্থনৈতিক সংকট ঠেকানোর জন্য আর্থিক বিধিমালার আইনসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ সহজে পার্লামেন্টে পাস হয়ে যাবে। ইইউর নির্বাহী বিভাগ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো বলেছেন, "সার্বিকভাবে, যেসব দল ও প্রার্থীরা ইউরোপীয় প্রজেক্টগুলো সমর্থন করে এবং ইউরোপীয়দের দৈনন্দিন জীবনযাপনের ব্যাপারে ইইউর ভূমিকা চায় তাদের প্রতিই ভোটাররা অকুণ্ঠ সমর্থন দিয়েছেন।" কয়েকদিন ধরে চলা এই ভোটাভুটি রোববার শেষ হয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ডসহ অনেকে দেশেই মধ্য-ডানপন্থি দল জয় পেয়েছে। অন্যদিকে অনেক দেশে ক্ষমতাসীন দল হেরে গেছে। এরমধ্যে রয়েছে ব্র্রিটেন, স্পেন, চেক রিপাবলিক, লাটভিয়া, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, পর্তুগাল, সুইডেন, গ্রিস ও স্লোভেনিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫০ ঘ.