রিয়াদ, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সৌদি আরব প্রথমবারের মতো ফিলিপিনো এক নার্সের দেহে এইচ১এন১ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।
ওই নারী শুক্রবার গাল্ফ এয়ার ফ্লাইটে করে ফিলিপাইন থেকে সৌদি আরবে পৌঁছে। সোমবার তার দেহে এইচ১এন১ সংক্রমণের লক্ষণ দেখা দেয়।
স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল-রাবিয়াহ সৌদি নিউজ চ্যানেল আল-আকবরিয়ায় বলেছেন, তাকে রাজধানী রিয়াদের হাসপাতালে আলাদ করে রাখা হয়েছে।
তিনি বলেন, "ফিলিপাইন থেকে ফিরে আসার সময় তার দেহে ভাইরাস সংক্রমণের কোনও লক্ষণ ছিল না। সোমবার এই লক্ষণ দেখা যেতে শুরু করে।"
মঙ্গলবার প্রাথমিক পরীক্ষায় ভাইরাস সংক্রমণ ধরা পড়ে এবং আরও পরীক্ষার পর বুধবার এইচ১এন১ ভাইরাস সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24