শ্রীনগর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতীয় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দুই মুসলিম নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সোমবারও বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ নিয়ে বিক্ষোভের তৃতীয় দিনে একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে জনজীবন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
গত বছর থেকে কাশ্মীরে প্রায় প্রতিদিন রাজপথে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ায় রাজ্যটিতে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন নতুন করে জীবন পেতে শুরু করেছে। বিচ্ছিন্নতাবাদীদের প্রধান জোট অল পার্টিস হুরিয়াত কনফারেন্সের ডাকা সোমবারের ধর্মঘটে অফিস-আদলাতে কোনো কাজ হয়নি। স্কুল-কলেজ ও ব্যবসাবাণিজ্য বন্ধ ছিল।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে শোপিয়ান শহরের বাসিন্দারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার ১৭ ও ২১ বছর বয়সী দুই নারীকে ধরে নিয়ে ধর্ষণ ও হত্যা করেছে। তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই দুই নারী ঝরনায় ডুবে মারা গেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ময়না তদন্তে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
কাশ্মীরের পল্লী উন্নয়ন মন্ত্রী আলী মোহাম্মদ সাগর এক বিবৃতিতে বলেছেন, "আমরা শোপিয়ানে দুই নারীর মৃত্যুর সত্যি কারণ ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশের নিশ্চয়তা দিচ্ছি।"
বিক্ষোভকারীরা বেশকিছু সরকারি গাড়ি ও বাস ভাঙচুর করায় তিনি আইন নিজ হাতে তুলে না নিতে হুঁশিয়ারি দিয়েছেন।
দুই নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে শনিবারও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
ওই অঞ্চলে বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লড়াই করছে। সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন, ধর্ষণ, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে কর্তৃপক্ষ বলেছে, তারা পরিকল্পিতভাবে কোনো সহিংসতা ঘটাচ্ছে না, এ ধরনের সব অভিযোগের তদন্ত করা হয় এবং দোষীদের শাস্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২৯ ঘ.
bdnews24