তুলুমুল, ভারত, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত থেকে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে মুসলমানদের সশস্ত্র বিদ্রোহ শুরুর পর ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল প্রায় আড়াই লাখ হিন্দু। কিন্ত ২০ বছর পর এখন আবার তারা নিজেদের বাড়িঘরে ফেরার আশা করছে। রোববার রাজ্যের অন্যতম পবিত্র একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হয়ে সে প্রার্থনাই করেছে হাজার হাজার হিন্দু।
১৯৮৯ সালে বিদ্রোহ শুরু হওয়ার পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল হিন্দুদের অনেক বাড়িঘর। 'পণ্ডিত' নামে পরিচিত কাশ্মিরের এই হিন্দুরা তারপর থেকে বসবাস করছে অন্য রাজ্যে। এরপর থেকে প্রতিবছর তারা জড়ো হয় রাজ্যের অন্যতম পবিত্র খিরভাওয়ানি মন্দিরে। সেখানে তারা প্রার্থনাসহ পালন করে ধর্মীয় আচার-নীতি। এবারও রোববার তারা জড়ো হয়েছিল ওই মন্দিরে।
পেশায় শিক্ষক ৫৫ বছর বয়সী আওতার কৃষাণ কাউল বলেন, "আমরা সবাই শান্তি চাই। পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং আমরা মনে করি, আমাদের বাড়িঘরে ফেরার সময় হয়েছে।" কাশ্মিরে গত কয়েক বছরে বিদ্রোহী তৎপরতা কমে আসায় তার এই আশাবাদের ভিত্তি তৈরি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০ বছর আগে বিদ্রোহ শুরু হওয়ার পর নিরাপত্তাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সহিংসতা এখন সর্বনিু পর্যায়ে আছে। তবে সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে হাজার হাজার মানুষ।
৩৫ বছর বয়সী গৃহবধু সারলা নেহরু বলেন, "সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি একজন। তবে আমি এখনো কাশ্মিরে ফেরার আশায় আছি।" তিনি জানান, ১৯৯০ সালে বিদ্রোহীদের হাতে তার ভাই নিহত হয়েছিল।
১৯৪৭ সালে হিন্দু-মুসলিম জাতিসত্তার ভিত্তিতে ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র সৃষ্টির পর কাশ্মিরের হিন্দুদের নিজেদের এলাকা ছেড়ে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের হিসাব মতে প্রায় তিন লাখ হিন্দুকে কাশ্মির ছেড়ে যেতে হয়েছে।
কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের প্রধান জোট 'অল পার্টি হুরিয়াত কনফারেন্স' এবং ভারত সরকার হিন্দুরের বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানিয়েছে। কিন্তু এদের বেশিরভাগ সাহস করে উঠতে পারছে না।
প্রকৌশলের ছাত্র আওয়াতার ভাট বলেন, "আমি নিশ্চিত, কাশ্মির আমাদের জন্য সব সময়ই ভয়ের জায়গা। আমি এখানে এসে মরতে চাই না।"
তিনি আরও বলেন, "দুই দশকের সংঘাতের পর হিন্দ-মুসলমান এখানে একসঙ্গে বসবাস করতে পারবে বলে আমার মনে হয় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24