ইসলামাবাদ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের নিরাপত্তাবাহিনী সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরার নিয়ন্ত্রণ প্রায় নিয়ে নিয়েছে। তবে তালেবান যোদ্ধারা এখনো শহরটির উপকণ্ঠে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী শনিবার একথা বলেছে।
সেনা মুখপাত্র আতাহার আব্বাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "মিঙ্গোরা প্রায় পুরোপুরি মুক্ত। আমরা শহরের প্রান্তে সামান্যকিছু প্রতিরোধ মোকাবেলা করছি।"
তালেবানরা এ মাসের গোড়ার দিকে মিঙ্গোরা দখল করে নেওয়ার আগ পর্যন্ত শহরটিতে অধিবাসীর সংখ্যা ছিল ৩০ লাখের মতো। তালেবানদের উৎখাতের লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনী সোয়াতে অভিযান শুরু করলে উপত্যকাটি থেকে বিপুলসংখ্যায় লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য চলে যেতে থাকে। এর কয়েক দিন আগে থেকে পাশ্ববর্তী লোয়ার দির ও বুনর থেকেও লোকজনের সরে যাওয়ায় দেশটিতে একটি মানবিক সংকট সৃষ্টি হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। ওই দুটি অঞ্চলে এপ্রিলে মাঝামাঝিতে অভিযান শুরু করে সেনাবাহিনী।
সেনাবাহিনী বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর ১২ শয়েরও বেশি জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে ৯০ জন সেনা নিহত ও ৬০ আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৩৬ ঘ.
bdnews24