২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভাড়াটেরাই মসজিদে হামলা করেছে: ইরান

ইরানে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। এক প্রাদেশিক কর্মকর্তা শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের ভাড়াটে বোমা হামলাকারীরাই ওই হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

তেহরান, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। এক প্রাদেশিক কর্মকর্তা শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের ভাড়াটে বোমা হামলাকারীরাই ওই হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স একথা জানিয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী জাহেদানে বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়। এটি আত্মঘাতী হামলা ছিল বলে ইরানের কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে। সিসতান-বালুচিস্তান প্রদেশের গভর্নরের কার্যালয়ের কর্মকর্তা জালাল সাইয়াহ জানিয়েছেন, ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ফার্স বার্তা সংস্থাকে তিনি বলেন, "এটি নিশ্চিত হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাড়াটেরাই এ হামলার জন্য দায়ী।" 'আইএলএনএ' বার্তা সংস্থা বোমা বিস্ফোরণের ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলা বলে জানিয়েছে। তবে কোন ব্যক্তি বা দল এখনো হামলার দায় স্বীকার করেনি। বিষ্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ওই মসজিদে ২য় আরেকটি বোমার সন্ধান পেয়ে সেটি নিস্ত্রিয় করে। ইরান ১২ জুনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম আইআরআইবি এর ওয়েবসাইটে প্রাদেশিক গভর্নর আলি মোহাম্মাদ আজাদ বলেন, "ইরান প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু করায় ওই দলটি আফগানিস্তান ও পাকিস্তানের অনিরাপদ পরিস্থিতিকে কাজে লাগাতে চায়। তারা ইরানের অন্যান্য প্রদেশ এবং অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছে।" তিনি বলেন, "হামলার জন্য দায়ী সন্ত্রাসী দলটিকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" সুন্নি মুসলিম অধুষ্যিত জাহেদান ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশের রাজধানী। এর সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। প্রদেশটিতে নিরাপত্তা সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এখানে প্রায়ই পুলিশের সঙ্গে মাদক চোরাচালানী এবং ডাকাতদলের সংঘর্ষ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৭৫৮ ঘ.