ইয়নপিয়ং, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া আরও আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতি নিতে পারে বলে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। চীনা মাছ ধরা নৌকাগুলো শুক্রবার উত্তর-দক্ষিণ কোরিয়ার বিরোধপূর্ণ সমুদ্রসীমান্ত ছেড়ে যেতে শুরু করার পর দক্ষিণ কোরিয়া এ উদ্বেগ প্রকাশ করেছে।
উত্তর কোরিয়া সোমবার পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুদ্ধের হুমকি দেওয়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক সতর্কতার মাত্রা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র এবং জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে পিয়ংইয়ং এর পরমাণু পরীক্ষার নিন্দা প্রস্তাবের খসড়া বিতরণ করেছে। এতে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান আছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ওন তায়ে-জায়ে বলেছেন, "আমাদের বাহিনী চীনা মাছ ধরা নৌকাগুলোর গতিবিধি লক্ষ্য করছে। এগুলো সীমান্ত ছেড়ে যাওয়াটা উত্তর কোরিয়ার আগ্রাসনের সম্ভাবনার সংকেত হতে পারে।"
গত ১০ বছরে বিরোধপূর্ণ কোরিয়া সমুদ্রসীমান্ত নিয়ে বড় ধরনের দুটো নৌ সংঘর্ষ হয়েছিল। উত্তর কোরিয়া শিগগিরি এরকম আরও একটি সংঘর্ষ হওয়ার হুমকি দিয়েছে।
১৯৯৯ এবং ২০০২ সালের জুনে সমুদ্রসীমান্তে নৌ সংঘর্ষ হয়।
"এবারে উত্তর কোরিয়া পুরোদস্তুর যুদ্ধে হুমকি দিয়েছে। আমরা জেলেরা উদ্বিগ্ন।" বলেছেন ইয়ংপিয়নের জেলে কিম জায়ে সিক। তিনি বলেন, " আজকাল আমরা বাইরে বেরোলেই জানি যে, আমরা বিপদের মুখে আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৪ ঘ.
bdnews24