খার্তুম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের সাউথ কোরদোফান এলাকায় এ সপ্তাহে বিবাদমান দুটি আদিবাসী দলের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২৪৪ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসইউএনএ শুক্রবার এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম মাহমুদ হামাদ সংঘর্ষে নিহতের সংখ্যা ২৪৪ বলে জানিয়েছেন। খার্তুমে মন্ত্রী পরিষদের বৈঠকে তিনি জানান, নিহতদের মধ্যে মিসেরিয়া গোষ্ঠির ৮৯ জন, রিজেইগাত গোষ্ঠির ৮০ জন এবং ৭৫ জন পুলিশ সদস্য।
সাউথ কোরদোফান এলাকায় বিবাদমান আদিবাসী গ্র"প দুটির মধ্যে সংঘর্ষ থামাতে সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিল। গত মঙ্গলবার প্রায় তিনশ' মানুষ ঘোড়ায় চেপে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় পুলিশদের ওপর।
তথ্যমন্ত্রী আলী কুকু রয়টার্সকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা নিশ্চিত করে তিনি জানেন না। তবে এলাকাবাসী সূত্রে জেনেছেন, সংঘর্ষে প্রায় ৮০ পুলিশ নিহত হয়েছে। এছাড়া বিবাদমান গোষ্ঠি দুটির উভয়পক্ষেও প্রায় সমসংখ্যক নিহত হয়েছে।
তিনি বলেন, "আমরা ধারণা করতে পরিনি, এত বড় দুর্ঘটনা ঘটতে পারে।" দুই পক্ষের কিছু মানুষের মধ্যে একটি ছোট সংঘাত থেকে এই সংঘর্ষ শুরু হয়। কিন্তু পরে তা নিয়ন্ত্রনের বাইরে চলে যায় বলে তিনি জানান।
তিনি বলেন, "সংঘর্ষ বন্ধ হয়েছে। আমরা এখন তদন্ত করে দেখছি আসলে কী ঘটেছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24