২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভাকরণের বাবা-মার সন্ধান মিলল উদ্বাস্তু শিবিরে

নিহত এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের বাবা-মার সন্ধান মিলেছে। তারা শ্রীলংকার উত্তরাঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে আছেন বলে সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার বিবিসি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 06:37 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের বাবা-মার সন্ধান মিলেছে। তারা শ্রীলংকার উত্তরাঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে আছেন বলে সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার বিবিসি জানিয়েছে। এলটিটিই নেতা প্রভাকরণ গত ১৮ মে সেনাবাহিনীর অভিযানে নিহত হন। তার সঙ্গে মারা যান বড় ছেলে চার্লস অ্যান্টনিও। প্রভাকরণের স্ত্রী ও অপর দুই সন্তানের খোঁজ এখনও মেলেনি। এলটিটিই নেতারা জানিয়েছেন, তারা সিঙ্গাপুর পালিয়ে গেছেন। শ্রীলংকার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়কারা বলেন, "প্রভাকরণের বাবা-মা একটি উদ্বাস্তু শিবিরে আছেন। তারা সুস্থ। খাদ্য এবং আশ্রয়সহ তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা হচ্ছে।" প্রভাকরণের বাবা থিরুবেনকাদাম এবং মা পার্বতী ভেলুপিল্লাই মেনিক শিবিরে আছেন বলে সেনাবাহিনী জানায়। সেখানে প্রায় দুই লাখ তামিল রয়েছে। সেনা মুখপাত্র উদয় বলেন, "আমরা জানি না, কবে তারা এ ক্যাস্পে এসেছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত বাস্তুচ্যুত অন্যান্য ব্যক্তিদের মতো তারা এখানেই থাকবেন। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না।" যুক্তরাজ্যে অবস্থানরত প্রভাকরণের ঘনিষ্ঠরা জানান, ভারতের দক্ষিণাঞ্চলে ১০ বছর কাটিয়ে ২০০৩ সালে প্রভাকরণের বাবা-মা শ্রীলংকায় ফেরেন। তারা বলেন, সন্তানের কর্মকাণ্ডের সঙ্গে প্রভাকরণের বাবা-মা জড়িত নন। প্রভাকরণের ঘনিষ্ঠ এক তামিল বিবিসিকে বলেন, "সরকার এ দম্পতির কোনো ক্ষতি বা তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করার আশ্বাস দিলেও সেনাবাহিনীর কাছে থাকা অবস্থায় তাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৩৭ ঘ.