২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘনের 'টাইম বোমা' তৈরি হচ্ছে: অ্যামনেস্টি

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মানবাধিকার লঙ্ঘন উসকে দিচ্ছে। সরকারগুলো যখন অর্থনীতি সামলাতে ব্যস্ত তখন নির্যাতন-নিপীড়নের ঘটনাগুলো মানুষের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে এবং মানবাধিকার রক্ষার বিষয়টি অনেকটাই চাপা পড়ে যাচ্ছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

লন্ডন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মানবাধিকার লঙ্ঘন উসকে দিচ্ছে। সরকারগুলো যখন অর্থনীতি সামলাতে ব্যস্ত তখন নির্যাতন-নিপীড়নের ঘটনাগুলো মানুষের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে এবং মানবাধিকার রক্ষার বিষয়টি অনেকটাই চাপা পড়ে যাচ্ছে। দারিদ্র ও অস্থিতিশীল আর্থসামাজিক পরিস্থিতির কারণে সমাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রূপ নিচ্ছে 'টাইম বোমা'র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার একথা বলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান সংস্থার বার্ষিক প্রতিবেদনে লেখেন, বিশ্ব এমন এক মহা বিপদের মুখে রয়েছে যেখানে "ক্রমবর্ধমান দারিদ্র এবং বেপরোয়া অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গণসহিংসতার দিকে মোড় নিতে পারে।" তিনি বলেন, সরকারগুলো যখন অর্থনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন মানবাধিকারের বিষয়টি "অগ্রাধিকার হারিয়ে পেছনে পড়ে যাচ্ছে"। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে "মানবাধিকার লঙ্ঘনের টাইম বোমা নিষ্ক্রিয় করতে নতুন বৈশ্বিক সনদ" এর আহ্বান জানান তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আইরিন বলেন, নতুন এই সনদ সরকারগুলোর নিজ নিজ মানবাধিকার রক্ষার দায়বদ্ধতার, নতুন নতুন চুক্তির নয়। 'দ্য স্টে অফ দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস' বা 'বিশ্ব মানবাধিকার পরিস্থিতি' শিরোনামের প্রতিবেদনে তিনি বলেন, "আমরা বৈষম্য, অবিচার ও নিরাপত্তাহীনতার এক বারুদের গোলার ওপর বসে আছি এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে।" গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম আর্থিক মন্দায় বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশগুলোর শিল্প উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং বিপুলসংখ্যক মানুষ চাকরি হারাচ্ছে। সমাজে এর নেতিবচাচক প্রভাবও খুবই স্পষ্ট। অ্যামনেস্টি প্রধান বলেন, মন্দার মধ্যে খাদ্যমূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক টানাপোড়েনে বিধ্বস্ত দরিদ্র জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়েছে এবং বহু স্থানে খাদ্য দাঙ্গা দেখা গেছে। অনেক দেশই এসব পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত খড়গহস্ত হয়েছে এবং তিউনেশিয়া ও ক্যামেরুনে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় গত বছর অভিবাসী আফ্রিকানদের সঙ্গে দাঙ্গায় কমপক্ষে ৫৬ জন নিহত হওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে বর্ণবাদী অসহিষ্ণুতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৮১৪ ঘ.