২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার নিন্দায় এশিয়া-ইইউ, মিয়ানমারের বন্দিদের মুক্তির আহ্বান

এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারের রাজবন্দিদের মুক্তিসহ রাজনৈতিক বাধা-নিষেধ উঠিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

হ্যানয়, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারের রাজবন্দিদের মুক্তিসহ গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির ওপর থেকে রাজনৈতিক বাধা-নিষেধ উঠিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। উত্তর কোরিয়া সোমবার ভূ-গর্ভে পরমাণু বোমা পরীক্ষা চালানোসহ তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার মধ্যে উত্তর কোরিয়া পরদিন আবারও দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দুই দিনের এশিয়া-ইউরোপীয় (এএসইএম) বৈঠক শেষে এক বিবৃতিতে মন্ত্রীরা উত্তর কোরিয়াকে আর কোনও পরীক্ষা না চালানো এবং জাতিসংঘ প্রস্তাবনা মেনে চলার জোরাল আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পিয়ংইয়ংকে অবিলম্বে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, "এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তা এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টার কথা মাথায় রেখে মন্ত্রীরা উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষার নিন্দা জানাচ্ছে........... এ পদক্ষেপ ছয়-জাতি বৈঠকের বিভিন্ন চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা ও সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।" এএসইএম ৪৪ টি দেশ এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সচিবালয় নিয়ে গঠিত। উত্তর কোরিয়া এর সদস্য না হলেও মিয়ানমার এর সদস্য। বৈঠকের শেষে আলাদা আরেকটি বিবৃতিতে মিয়ানমার প্রসঙ্গে বলা হয়েছে, অং সান সু চি কে নিয়ে বর্তমান ঘটনাবলীর আলোকে মন্ত্রীরা মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। বিবৃতিতে বলা হয়, "তারা (মন্ত্রীরা) মিয়ানমারে আটকদের আগাম মুক্তি এবং রাজনৈতিক দলগুলোর ওপর থেকে বাধা-নিষেধ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে।" মিয়ানমারের জাতীয় সংহতির জন্য আলোচনায় অং সান সু চিকে শামিল করা অপরিহার্য উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান কোহট বলেন, "মিয়ানমার সরকারের উচিত তাকে অবিলম্বে মুক্তি দিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক ও জাতিগত দলের সঙ্গে একান্ত আলোচনায় বসা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১২ ঘ.