আবুধাবি মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্স ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এই সহযোগিতাসহ বেশ কিছু বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য এই শরতে পাকিস্তান সফর করতে পারেন। সারকোজির এক ঘনিষ্ট সুত্র সোমবার একথা জানায়।
সুত্র জানায়, পারমাণবিক নিরাপত্তাসহ কিছু বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে। পাকিস্তানের জন্য পারমাণবিক বিষয়টি বেশ স্পর্শকাতর কারণ একজন পাকিস্তানি বিজ্ঞানী পরমাণু প্রযুক্তি পাচারের মাধ্যমে ২০০৪ সালে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেলেঙ্কারির জন্ম দিয়েছিলেন।
সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের আবুধাবি সফরের সময় তার এক সফরসঙ্গী বলেন "আমাদের কথবার্তা চলছে। আমরা আরো দুই তিন মাস সময় নিয়েছি।" মঙ্গলবার সারকোজি আবুধাবিতে এক ফরাসি সামরিক ঘাঁটি উদ্বোধন করবেন।
সারকোজির সঙ্গে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ১৫ মে প্যারিসে বৈঠক হয়। তখন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যম জানায়, ফ্রান্স চায় পাকিস্তানও যেন ভারতের মতো সরঞ্জাম কেনার মতো চুক্তিতে উপনীত হতে সক্ষম হোক।
সারকোজি অবশ্য জারদারিকে ঠিক কী বলেছিলেন তা জানায়নি ফ্রান্স। তারা শুধু বলেছে, সারকোজি পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার জোরদার এবং এশিয়ান দেশগুলোর সাথে এই বিষয়ে সহযোগিতা করতে চাচ্ছেন।
সারকোজির সঙ্গে ঘনিষ্ট সুত্র আরও জানায়, জারদারির সঙ্গে সারকোজির দেখা হওয়ার পরে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। সুত্র জানায় , জারদারি এই সাক্ষাতের বিষয়ে অবগত ছিলেন।
ভারতের সঙ্গে চুক্তির মতো পাকিস্তানের সঙ্গেও একটি চুক্তির উদ্যোগের ফলে স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি আবারও পাচার হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
অনেক পাকিস্তানির কাছে দেশের পরমাণু বোমার জন্মদাতা হিসেবে শ্রদ্ধেয় বিজ্ঞানী আবদুল কাদির খান ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে ২০০৪ সালে গোপনে পরমাণু প্রযুক্তি বিক্রি করার কথা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৬২৮ ঘ.
bdnews24