মাদ্রিদ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার খুব ধীর গতিতে হবে এবং বেকারত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন সামাজিক সঙ্কটে পড়বে বিশ্ব। স্পেনের একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
'এল পাইস' পত্রিকাকে জেলিক বলেন, "বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক মহামন্দা শুরু হয়েছে তাতে বড় ধরনের কর্মসংস্থান সঙ্কট সৃষ্টি হবে। আমরা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, এ থেকে গুরুতর মানবিক ও সামাজিক সমস্যা দেখা দেবে। আর এর প্রভাব পড়বে রাজনীতিতে।"
তিনি বলেন, "এ ধরনের পরিস্থিতিতে লোকভোলানো সংরক্ষণবাদী নীতি বাড়তে থাকে।"
জি-৭ ও জি-২০ অর্থমন্ত্রীদের পদক্ষেপে কিছু স্বস্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে উল্লেখ করলেও জেলিক বলেন, "অর্থনীতিবীদরা মনে করছেন, অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ প্রত্যাশার চেয়ে ধীর গতিতেই হবে।"
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থা এখনও বিপজ্জনক অবস্থায় আছে বলে জানান জেলিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৫৮ ঘ.
bdnews24