নয়া দিল্লি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মনমোহন সিং। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মনমোহনকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট প্রতিভা পাতিল।
প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর মনমোহনই প্রথম পরপর দুই দফায় ভারতের প্রধানমন্ত্রী হলেন। (আরও তথ্যসহ)
শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। মনমোহনের পর শপথ নেন প্রণব মুখার্জী। তিনি অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার আরও ১৮ সদস্য।
এরা হলেন- মমতা ব্যানার্জী, শারদ পাওয়ার, একে অ্যান্টনি, পি চিদাম্বরম, এস এম কৃষ্ণ, গোলাম নবী আজাদ, সুশীল কুমার সিনদে, বীরাপ্পা মৈলি, এস জয়পাল রেড্ডি, কমল নাথ, ভায়ালার রবী, মিরা কুমার, মুরলি দেওরা, কপিল শিবাল, অম্বিকা সোনি, বি কে হান্দিক, আনান্দ শরমা এবং সি পি যোশী।
এদের মধ্যে মমতা ব্যানার্জীকে রেল, শারদ পাওয়ারকে কৃষি, এ কে অ্যান্টনিকে প্রতিরক্ষা, পি চিদাম্বরমকে স্বরাষ্ট্র, এস এম কৃষ্ণকে পররাষ্ট্র, সুশীল কুমার সিনদেকে বিদ্যুৎ, জয়পাল রেড্ডিকে নগর উন্নয়ন, কমল নাথকে বাণিজ্য, মুরলি দেওরাকে জ্বালানি, কপিল শিবালকে মানব সম্পদ উন্নয়ন ও সি পি যোশীকে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা দীপক সাধু এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী কয়েক দিনে উপ-মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়োগ দেওয়া হবে। তখন মন্ত্রিসভার আকার আরও বাড়বে।
২য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মনমোহন সিংকে এখন অর্থনৈতিক মন্দা ছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। দোহা বাণিজ্য আলোচনা এবং মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তিনি।
কংগ্রেস জোট ছেড়ে ইতোমধ্যেই বেরিয়ে গেছে জোটের অন্যতম শরিক দল ডিএমকে। মনমোহনের শপথ গ্রহণের একদিন আগে বৃহস্পতিবার মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে বিরোধে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ডিএমকে।
ডিএমকে সমর্থন না দিলেও পার্লামেন্টে কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি হবে না। তবে এত বড় নির্বাচনী জয়ের পর এটা জোটের জন্য অবশ্যই একটা ধাক্কা।
তামিলনাড়ুর আঞ্চলিক দল ডিএমকে জানায়, সরকারে না গিয়ে তারা বাইরে থেকে কংগ্রেস জোটকে সমর্থন দেবে।
'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, ডিএমকে কে মন্ত্রিসভায় ৬ টি পদ দেওয়া হয়েছে। ডিএমকে চেয়েছিল ৮ টি পদ।
মন্ত্রিসভার পদ নিয়ে এখনও দরকষাকষি চলছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
অর্থমন্ত্রীর পদ পেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদে পি চিদাম্বারামই বহাল থাকবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24