জেরুজালেম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইসরায়েলি সৈন্য ও পুলিশ বৃহস্পতিবার অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতির একটি পাহারা চৌকি অপসারণ করেছে। সৈন্যরা ৭টি ধাতব কন্টেইনার টেনে নিয়ে যায় যেগুলি কেবিন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশের মুখপাত্র মিকেই রোজেনফেল্ড জানিয়েছেন, ওই চৌকিটিতে বেশ কয়েকজন ইহুদি তরুণ অবস্থান করছিল, তবে কোনো সহিংসতা ঘটেনি।
অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সৈন্যরা পাহাড় চূড়ায় মাওজ এসথার নামের চৌকিটি অপসারণ করা শুরু করেছে। কন্টেইনারগুলো সরিয়ে নিতে সেখানে ভারী যন্ত্রপাতি এবং বাসিন্দাদের সরিয়ে নিতে বাস নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করে দেশে ফেরার একদিন পর চৌকিটি অপসারণ করার আদেশ দেওয়া হয়। ওই বৈঠকে ওবামা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার স্বার্থে নেতানিয়াহুর প্রতি পশ্চিমতীরে বসতি স্থাপন বন্ধ করার আহ্বান জানান।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বুধবার বলেছেন, অবৈধ চৌকিগুলি আলোচনার মাধ্যমে সম্ভব না হলে জোর করে অপসারণ করা হবে।
ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি শহর ও গ্রামের খুব কাছে একশটিরও বেশি ইহুদি বসতি গড়ে তোলা হয়েছে। বিশ্ব আদালত এর সবগুলিকেই অবৈধ বলে রায় দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৩১ ঘ.
bdnews24