ইয়াঙ্গুন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি'র বিচারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। তবে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নাকচ করে দিয়েছে আসিয়ানের সভাপতি থাইল্যান্ড।
সু চির বিচার থেকে মিয়ানমারের জান্তা সরকারকে বিরত রাখতে এশিয়ার দেশগুলো তাদের প্রভাবকে কাজে লাগাবে বলে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের আশাবাদ প্রকাশের একদিন পর আসিয়ান এই উদ্বেগ প্রকাশ করল। তবে চীন জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না।
দশটি দেশের সংস্থা আসিয়ান সু চি'র বিচার নিয়ে তাদের প্রথম প্রতিক্রিয়ায় বলেছে, তাদের সদস্যদেশ মিয়ানমারের কর্মকাণ্ডে দেশটির মর্যাদা ও গ্রহণযোগ্যতা ঝুঁকির মধ্যে পড়েছে। সু চি'র সঙ্গে সম্মানজনক আচরণ করার জন্য তারা জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংস্থার পক্ষে থাইল্যান্ড বলেছে, "আসিয়ানের একটি দায়িত্বশীল সদস্য হিসেবে মিয়ানমার সরকারের কর্তব্য মানবাধিকার রক্ষা করা।"
সু চির বিচার করায় সোমবার মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে ইইউ নতুন করে মিয়ানমারে রাজবন্দিদের মুক্তির আহ্বান জানিয়েছে।
২০০৬ সাল থেকে মিয়ানমারে বহাল থাকা নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়িয়েছে ইইউ। তবে মিয়ানমার সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রার লক্ষণ দেখালে এই নিষেধাজ্ঞা পুনবির্বেচনা করে দেখার প্রস্তাব দেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। লুক্সেমবার্গে এক বৈঠকে মন্ত্রীরা এ প্রস্তাব দেন।
গত সোমবার মিয়ারমার জান্তা সু চিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। দোষী প্রমাণিত হলে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে তার। সোমবার ইনসিয়েন কারাগারে সু চির মামলার শুনানি হয়।
আগামী ২৭ মে সর্বশেষ মেয়াদে সু চি'র ৬ বছরের গৃহবন্দি আদেশের মেয়াদ পেরিয়ে যাওয়ার ঠিক আগে জান্তা সরকারের এ বিচার প্রক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনৈতিক অঙ্গন। মিয়ানমারের ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এবং ২০০৭ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৌদ্ধ ভিক্ষুরা সূ চি'র মুক্তির জন্য আন্দোলনের ডাক দিয়েছে।
জন ইয়েত্তাও নামের এক আমেরিকান নাগরিক ইয়াঙ্গুনে সূ চি'র বাড়ির সামনের লেক পার হয়ে গোপনে সেখানে প্রবেশ করার ঘটনায় সু চি এবং তার দুই নারী সহচরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে মিয়ানমার জান্তা। গত বৃহস্পতিবার মামলাটি করা হয়।
১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল বিজয় পেলেও তাকে সরকার গঠন করতে দেয়নি দেশটির সামরিক নেতারা। এরপর থেকে মিয়ানামরে আবারও লাগাতার সেনা শাসন চালিয়ে যাচ্ছে সামরিক জান্তা।
গত ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই গৃহবন্দি অবস্থায় কিংবা কারাগারে কাটিয়েছেন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত সু চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24