তাইপে, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিরোধিতা করে তাইওয়ানের বেইজিং-পন্থি প্রেসিডেন্ট মা ইং-জেউয়ের বিরুদ্ধে রোববার তাইপেতে বিক্ষোভ করেছে অগণিত মানুষ।
প্রেসিডেন্টের কার্যালয় অভিমুখে মিছিলের কারণে দুপুরেরর পর থেকে রাস্তাঘাট লোকেলোকারণ্য হয়ে যায়। বিক্ষোভে যোগ দেওয়া অনেকের টি-শার্টে লেখা ছিল মা তাইওয়ানকে চীনের কাছে বিক্রি করে দিচ্ছেন। আবার কারো কারো টি-শার্টে শয়তানের আকৃতিতে মা'র ছবি আঁকা ছিল। অনেকে আবার এ সময় তাইওয়ানের পতাকা ওড়ায়।
বিক্ষোভে যোগ দেওয়ার জন্য ছয় ঘন্টার পথ ভ্রমণ করে তাইপেতে আসেন ৩২ বছর বয়সী ওয়াং চাই-পিং। তিনি বলেন, "তাইওয়ান ও চীন দুটি ভিন্ন দেশ যা কখনও এক হতে পারে না। আমি মনে করি, মা'র উচিৎ আমাদের প্রতিবাদের গুরুত্ব দেওয়া, কেননা এটি বহুদলীয় গণতন্ত্রের দেশ।"
১৯৪৯ সালে মাও সেতুং এর কমিউনিস্ট পার্টির বিল্পবের মুখে চীন ছেড়ে তাইওয়ানে আশ্রয় নেয় চিয়াং কাইশেকের কওমিংটাং সরকার। এরপর থেকে তাইওয়ান স্বশাসিত। তবে তাইওয়ানকে চীন তাদের অংশ বলে দাবি করে আসছে। বেইজিং এমন হুমকিও দিয়েছে যে, তাইওয়ানকে নিজেদের শাসনে আনতে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগেও পিছপা হবে না।
প্রেসিডেন্ট মা গত বছর মে মাসে ক্ষমতায় আসেন। এরপর দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তার সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও ট্রানজিট চুক্তি করেছে।
তাইওয়ানের চেং জাং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শেন লি বলেন, "এই বিক্ষোভ সরকারের প্রতি এই বার্তাবাহী যে, "আমরা চীনকে নিয়ে মাত্রাতিরিক্ত দ্রুততায় বাড়াবাড়ি করছি। এখন এতে ক্ষ্যান্ত দেওয়া দরকার।"
রোববারের বিক্ষোভ আয়োজন করে বিরোধীদল ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টি। বিশ্লেষকরা বলছেন, বিরোধীদল প্রেসিডেন্টের ওপর চড়াও হবে না। তাকে ক্ষমতাচ্যুত করার মতো পর্যাপ্ত সমর্থন পার্লামেন্টে বিরোধিদের নেই। আর মা জানিয়েছে দিয়েছেন, তিনি তার অবস্থানে অটল থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০২ ঘ.
bdnews24