ইসলামাবাদ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের ফলে আটকে পড়া লোকজনকে সুযোগ পেলে সরে পড়ার আহ্বান জানিয়েছে সরকার।
তালেবানদের সঙ্গে শান্তিচুক্তি ভেঙে পড়ার পর তাদের অগ্রগতি রুখতে সপ্তাহ দুয়েক আগে সোয়াতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল পাকিস্তান সরকার জঙ্গিদের ছাড় দিয়ে যাচ্ছে।
পরমাণু শক্তিধর পাকিস্তানে গত দুই বছরে জঙ্গি সহিংসতা বেশ বেড়ে যাওয়ায় দেশটিতে স্থিতিশীলতা নিয়ে যেমন উদ্বেগ সৃষ্টি হয়েছে তেমনি এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আল কায়েদাকে পরাজিত করতে যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান রেহমান মালিক সাংবাদিকদের জানিয়েছেন, সোয়াতে সেনা অভিযানে এক হাজারের বেশি জঙ্গি নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনীও জঙ্গিদের মৃতের সংখ্যা একই রকম উল্লেখ করে জানিয়েছে তাদের ৪৮ সেনা নিহত হয়েছে।
রাজধানী ইসলামাবাদ থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এক সময়কার পর্যটন কেন্দ্র সোয়াতে সেনা অভিযানের মুখে এ পর্যন্ত প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষ গৃহচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা একথা জানিয়েছে।
ওই অঞ্চলে সৃষ্ট মানবিক সংকটের প্রতি সাড়া দেওয়ার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোয়াতের প্রধান শহর মিঙ্গোরা এখনো তালেবানদের দখলে এবং সেখানে অনেক বেসামরিক মানুষ আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে।
রেহমান মালিক বলেন, "মিঙ্গোরা ও অন্যান্য এলাকায় যেখানে অভিযান চলছে সেখানে আটকে পড়া মানুষদের প্রতি আহ্বান জানাচ্ছি সুযোগ পাওয়া মাত্র তারা যেন সরে পড়ে। কারফিউ শিথিল আছে, তাদের উচিত সরে পড়া।"
সোয়াতের তালেবান নেতাদের ধরতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
মালিক বলেন, "তালেবান নেতা ও কমান্ডারদের আমরা অবশ্যই আঘাত হানব। তাদের রেহাই দেব না। আপনারা খুব শিগগির ভাল খবর শুনবেন।"
বিডিনিসউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮১৪ ঘ.
bdnews24