২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বামপন্থীদের সমর্থন নাও চাইতে পারে কংগ্রেস

ভারতে লোকসভা নির্বাচনে স্পষ্ট বিজয়ের পথে এগিয়ে যাওয়া কংগ্রেস জানিয়েছে সরকার গঠনের জন্য সাবেক মিত্র বামপন্থী দলগুলোর সমর্থন নাও চাইতে পারে তারা। শনিবার আনুষ্ঠানিক ভোট গণনা শুরুর পর বাণিজ্যমন্ত্রী কমল নাথ একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 07:42 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে লোকসভা নির্বাচনে স্পষ্ট বিজয়ের পথে এগিয়ে যাওয়া কংগ্রেস জানিয়েছে সরকার গঠনের জন্য সাবেক মিত্র বামপন্থী দলগুলোর সমর্থন নাও চাইতে পারে তারা। শনিবার আনুষ্ঠানিক ভোট গণনা শুরুর পর বাণিজ্যমন্ত্রী কমল নাথ একথা জানান। প্রাথমিক ভোট গণনার হিসেব থেকে টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে ২৪২ থেকে ২৫০টি আসন পেতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। যা সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে কিছু কম। স্পষ্ট বিজয় নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়া কংগ্রেস জোট মনে করছে বামদের সমর্থন না নিয়েই ছোট আঞ্চলিক দলগুলোর সমর্থনে সরকারে থাকতে পারবে তারা। কংগ্রেস বামদের সমর্থন চাইবে কি না এমন এক প্রশ্নের জবাবে কমল নাথ টাইমস নাউ টিভি চ্যানেলকে বলেন, "সব মিত্রদেরই কাছে টানার মতো কোনো বাধ্যবাধকতা নেই আমাদের।" বাণিজ্য মন্ত্রী বলেন, "আমাদের যদি ওই সংখ্যক সমর্থন প্রয়োজন না হয়, তাহলে আমাদের ওই সংখ্যার দরকার নেই।" পশ্চিম বঙ্গে কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা বামরা এই প্রথমবারের মতো রাজ্যটিতে পিছিয়ে পড়ছে বলে প্রাথমিক গণনায় দেখা গেছে। রাষ্টীয় পরিচালনাধীন টেলিভিশন চ্যানেল দূরদর্শন জানায়, মোট ৬১টি আসনে এগিয়ে আছে কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৮ ঘ.