সউল, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রকেট উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষার হুমকি দেওয়ার পর উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, তাদের হাতে বন্দি দুই মার্কিন সাংবাদিকের বিচার করা হবে আগামী ৪ জুন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সঙ্গে দর কষাকষির অস্ত্র হিসেবে আটক দুই সাংবাদিককে ব্যবহার করতে চাইছে উত্তর কোরিয়া। অচল হড়ে পড়া পরামাণু আলোচনায় ফেরানোর জন্য পিইংইয়ংকে চাপ দিয়ে যাচ্ছে ওবামা প্রশাসন।
গত মার্চ মাসে চীন সীমান্ত থেকে ইউনা লি এবং লরা লিং নামের দুই মার্কিন টিভি সাংবাদিককে আটক করেছিল উত্তর কোরিয়া। তারা নাশকতামূলক উদ্দেশ্য নিয়ে অবৈধভাবে উত্তর কোরিয়ায় ঢুকছিল বলে অভিযোগ করা হয়েছে। উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, "ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (উত্তর কোরিয়া) সিদ্ধান্ত নিয়েছে, আগামী চার জুন মার্কিন সাংবাদিকদের বিচার করা হবে।"
ওয়াশিংটন জানিয়েছে, সাংবাদিকদের মুক্ত করতে তারা বিভিন্নভাবে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। তবে তাদের বিচারের দিনক্ষণ নির্ধারণের খবরের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কোনো মন্তব্য করেনি।
পাঁচ আঞ্চলিক শক্তির সঙ্গে আলোচনা থেকে বেরিয়ে এসে উত্তর কোরিয়া জানিয়েছে, ওবামা প্রশাসনের আলেচানার কোনো অর্থ নেই। কেননা তারা পিয়ংইয়ং নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24