২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভোট শেষ, জরিপে জয়ের রথে কংগ্রেস

ভারতের মাসব্যাপী সাধারণ নির্বাচন বুধবার শেষ হয়েছে। ভোট দিয়ে বুথ থেকে বের হয়ে আসা ভোটারদের মধ্যে পরিচালিত একটি জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট থেকে এগিয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নয়াদিল্লি, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের মাসব্যাপী সাধারণ নির্বাচন বুধবার শেষ হয়েছে। ভোট দিয়ে বুথ থেকে বের হয়ে আসা ভোটারদের মধ্যে পরিচালিত একটি জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট থেকে এগিয়ে রয়েছে। জরিপ ফলাফলে বলা হচ্ছে, কংগ্রেস সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এতে বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং প্রতিবেশী পাকিস্তানে অস্থিতিশীলতার পটভূমিতে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে একটি দুর্বল জোট সরকার গঠিত হওয়ার উদ্বেগই পুনরায় ব্যক্ত হচ্ছে। তবে অতীতে বুথ-ফেরত জরিপের দেওয়া পূর্বাভাসের নির্ভুলতা ছিল মিশ্র। এ ধরনের জরিপের মাধ্যমে ৭১ কোটিরও বেশি ভোটারের ভোটদানের হিসাব-নিকাশ করা খুবই কঠিন। ২০০৪ সালের নির্বাচনে জরিপ ফলাফলগুলো সঠিক চিত্রের কাছাকাছি পৌঁছাতে পারেনি। সি-ভোটার পোলিং এজেন্সি পরিচালিত জরিপে বলা হচ্ছে, ৫৪৩ আসনের লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ১৮৯ থেকে ২০১টি আসন পাবে। বিরোধী বিজেপি নেতৃত্বাধীন জোট পাবে ১৮৩ থেকে ১৯৫ আসন। ইন্ডিয়া টিভি এবং ইউটিভি বিজনেস এর পক্ষে এই জরিপ চালানো হয়। হেডলাইনস টুডে নিউজ চ্যানেলও তাদের দেওয়া পূর্বাভাসে কংগ্রেস-কে এগিয়ে রেখেছে। তবে এ পূর্বাভাসের ভিত্তি কী তা জানায়নি চ্যানেলটি। শাসন ক্ষমতা পাওয়ার জন্য কোনো দল বা জোটকে ২৭২ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পেতে হবে। তাই ফলাফল প্রকাশের পর কংগ্রেস ও বিজেপিকে হন্যে হয়ে মিত্র খুঁজতে হবে। মূল ভোট গণনা শুরু হবে শনিবার। সেদিনই ফলাফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/ ঘ.