২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনী দেশগুলোকে আরও বেশি কার্বন কমাতে বলল চীন

বিশ্ব উষ্ণায়নের হার কমিয়ে আনতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু আলোচনা জোরদার হতে থাকায় ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন কমানোর আরও কঠোর লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে ধনী দেশগুলোর প্রতি বুধবার আহ্বান জানিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

বেইজিং, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব উষ্ণায়নের হার কমিয়ে আনতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু আলোচনা জোরদার হতে থাকায় ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন কমানোর আরও কঠোর লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে ধনী দেশগুলোর প্রতি বুধবার আহ্বান জানিয়েছে চীন। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (এনডিআরসি) এক কর্মকর্তা বলেছেন, ধনী দেশগুলোর অবশ্যই ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা ২৫ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার করা উচিৎ এবং উন্নয়নশীল বিশ্বের জন্য তহবিল যোগানোয় তৎপর হওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের 'হাউস অফ রিপ্রেজেনটেটিভস' বা প্রতিনিধি পরিষদের ক্ষমতাসীন ডেমোক্র্যাট সদস্যরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিলের বিষয়ে মঙ্গলবার ঐক্যমত্যে পৌঁছানোর পরদিনই চীন এ মন্তব্য করল। ডেমোক্র্যাটরা আশা করছে খুব শিগগিরই বিলটি পাস করা সম্ভব হবে। প্রতিনিধি পরিষদের এনার্জি কমিটির চেয়ারম্যান হেনরি ওয়াক্সম্যান জানান, ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন ২০০৫ সালের চেয়ে ১৭ শতাংশ কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটরা। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমনে বিশ্বে শীর্ষ স্থানে থাকা চীন বলেছে, তারা কয়েকটি নির্দিষ্ট শিল্পে নির্গমন কমিয়ে আনায় প্রতিশ্র"তিবদ্ধ হতে চায়। কিন্তু কীভাবে তা করা যায় তা এখনও নির্দিষ্ট করতে পারেনি। চীনের প্রধান অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা এনডিআরসি'র জলবায়ু বিষয়ক দপ্তরের উপপ্রধান লি লিউয়ান বলেন, "কোপেনহেগেনের সাফল্যের জন্য শক্তিশালী ও বেশি মাত্রায় নির্গমন কমানো এবং উন্নত বিশ্বের কাছ থেকে অত্যন্ত জোরালো পদক্ষেপ প্রয়োজন।" এ বছরের শেষ নাগাদ প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা ডেনমার্কের রাজধানী কোপেনগেগেনে জাতিসংঘের জলবায়ু সংস্থা 'ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'-আইপিসিসি'র সম্মেলনে যোগ দেবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এ জলবায়ু আলোচনার লক্ষ্য ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তি সম্পাদন করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ঘ.