২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের চেয়ে আরবদের মধ্যে বেশি জনপ্রিয় ওবামা: জরিপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা নিজ দেশের চেয়ে নেতৃস্থানীয় আরব দেশগুলোতে অনেক বেশি। জরিপকারী সংস্থা ইপসোস এর এক জনমত জরিপে রবিবার এ চিত্র উঠে আসে। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওবামা যুক্তরাষ্ট্রের প্রতি আরব দেশগুলোতে বিদ্যমান মনোভাব পরিবর্তনে সফল হতে পারেন বলে আশা করা হচ্ছে। আগামী মাসে মিসরে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে ওবামার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ওয়াশিংটন, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা নিজ দেশের চেয়ে নেতৃস্থানীয় আরব দেশগুলোতে অনেক বেশি। জরিপকারী সংস্থা ইপসোস এর এক জনমত জরিপে রবিবার এ চিত্র উঠে আসে। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওবামা যুক্তরাষ্ট্রের প্রতি আরব দেশগুলোতে বিদ্যমান মনোভাব পরিবর্তনে সফল হতে পারেন বলে আশা করা হচ্ছে। আগামী মাসে মিসরে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে ওবামার। ইপসোস জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে ওবামার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ওই অঞ্চলের মানুষরা আশা করেন যে তিনি তাদের দেশসহ সমগ্র মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের জন্যই ইতিবাচক ফলাফল বয়ে আনতে সক্ষম হবেন। গত মার্চে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, লেবানন, মিসর এবং জর্ডানের ৭,০০০ প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। জরিপে দেখা যায় ৩৩ শতাংশ অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, ৪৩ শতাংশর নেতিবাচক মনোভাব রয়েছে, ১৪ শতাংশ এ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থেকেছেন এবং ১০ শতাংশ বলেছেন তারা এ বিষয়ে কিছু বলতে পারছেন না। ইপসোস আরও জানায়, এতে দেখা যায় পুরো অঞ্চলজুড়ে গড়ে ৪৮ শতাংশের কাছে ওবামা ইতিবাচক অবস্থানে রয়েছেন। জর্ডানে ওবামার জনপ্রিয়তা ৫৮ শতাংশ যা ওই অঞ্চলে সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম মিসরে, মাত্র ৩৫ শতাংশ। ছটি দেশের মধ্যে মিসরীয়রা যুক্তরাষ্ট্রের প্রতি সবচেয়ে কম ইতিবাচক মনোভাব পোষণ করে। মাত্র ২২ শতাংশ মিসরীয় যুক্তরাষ্ট্রকে ইতিবাচক মনে করে। পুরো অঞ্চলজুড়ে প্রতি ১০ জনের মধ্যে মাত্র ১ জন মনে করে তাদের দেশে ওবামার নেতিবাচক প্রভাব রয়েছে। এক বিবিৃতিতে ইপসোস জানায়, যুক্তরাষ্ট্র এবং ওবামার জনপ্রিয়তার মধ্যে যে ফারাক রয়েছে তাতে এ ইঙ্গিত পাওয়া যায় যে ওবমার এখন সুযোগ রয়েছে এই ফারাক ঘুচিয়ে ফেলার এবং তার প্রতি বন্ধুত্বের মনোভাবকে আমেরিকার প্রতি ইতিবাচক মনোভাবে পরিণত করার। হোয়াইট হাউস থেকে জানানো হয় ওবামা জুনের ৪ তারিখে মিসরে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এতে জর্জ বুশের সময় মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছিলো তা দূর করার চেষ্টা করবেন ওবামা। ইরাক, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন, গুয়ানতানামো বন্দিশালায় আটক সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের জিজ্ঞাসাবাদে কঠোর কৌশল অবলম্বন, ইরাকে বন্দি নির্যাতন এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় বুশের প্রাথমিক অনাগ্রহের কারণে অনেক আরব ও মুসলিম দেশই যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুদ্ধ। ইপসোস এর মতে, জরিপে দেশ ভেদে ২.৬ থেকে ৩ শতাংশ মাত্রায় ভুল থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএমটি/১৪২৩ ঘ.