ইয়াঙ্গুন, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেতা অং সান সুচি নিম্ন রক্তচাপ ও পানিশূন্যতায় ভুগছেন। তার দলের মুখপাত্র শনিবার এই তথ্য জানিয়েছেন।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র ইউ নিয়ান উইন রয়টার্সকে জানান, সুচি অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসকের সহকারি ফোন মো এই-কে শুক্রবার সুচির বাসায় যাওয়ার সুযোগ দেয় কর্তৃপক্ষ। ওই বাসাতেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন তিনি।
নিয়ান উইন বলেন, "সুচিকে প্রায় তিনঘণ্টা ধরে প্রয়োজনীয় স্যালাইন দেওয়া হয়েছে। আমরা এখন কেবল তার নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন নই, তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বিগ্ন।"
তিনি জানান, ৬৪ বছর বয়সী সুচির ব্যক্তিগত চিকিৎসক তিন মায়ো উইনকে জিজ্ঞাসাবাদের কথা বলে বৃহস্পতিবার বাসা থেকে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। কিন্তু তাকে সুচির নিয়মিত মাসিক স্বাস্থ্যপরীক্ষা করতে দেয়নি তারা। পরিবর্তে মায়ো উইনের সহকারীকে শুক্রবার সুচির চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
প্রতিবেশিরা জানিয়েছেন, বৃহস্পতিবার তারা ১২ জনেরও বেশি পুলিশ সদস্যকে সুচির বাসার চত্বরে প্রবেশ করতে দেখেন। ওইদিনই এর আগে সুচির বাসভবনের পাশ থেকে এক আমেরিকানকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। ওই আমেরিকান সুচির বাসভবনের পাশের হ্রদ সাঁতার কেটে পার হয়েছিল।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচির দল ১৯৯০ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিল। কিন্তু সামরিক জান্তা নির্বাচনের ফলাফল বাতিল করে দেওয়ায় সুচি ক্ষমতায় বসতে পারেননি। গত ১৯ বছরের মধ্যে ১৩ বছরই তিনি একের পর এক আটকাদেশে গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২৭ ঘ.
bdnews24