২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগ

নেপালে সেনাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে সঙ্কটের মুখে সোমবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, "আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

কাঠমান্ডু, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালে সেনাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে সঙ্কটের মুখে সোমবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, "আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি।" সশস্ত্রবাহিনীতে নতুন লোক নিয়োগ না দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করায় প্রচণ্ড রোববার প্রেসিডেন্টের অনুমোদন না নিয়েই সেনাপ্রধানকে বরখাস্ত করেন। কিন্তু তার সিদ্ধান্ত উপেক্ষা করে বরখাস্ত সেনাপ্রধান জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ প্রেসিডেন্ট রাম বরণ যাদব। তিনি এ পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দেন। প্রেসিডেন্টের এই বিরোধিতার মুখে সোমবার টেলিভিশন ভাষণে প্রচণ্ড বলেন, "আমরা ঐকমত্যে পৌঁছার যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন শক্তি সক্রিয় রয়েছে এবং তারা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ (কাতাওয়ালকে স্বপদে বহাল রাখা) নেওয়ার জন্য প্রেসিডেন্টকে উৎসাহ যোগাচ্ছে।" বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টের পদক্ষেপ নেপালের গণতন্ত্র ও শান্তি প্রক্রিয়ার মূলে আঘাত আখ্যা দিয়ে প্রচণ্ড বলেন, দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষার্থেই তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। তবে নেপালের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'নেপাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ' এর প্রধান লোকরাজ বরাল বলছেন, "সরকার সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কার কারণেই প্রচণ্ড পদত্যাগ করেছেন।" সরকারের অবসান অবশ্যম্ভাবী হয়ে ওঠায় প্রচণ্ড আগেভাগেই পদত্যাগ করেছেন বলেও মনে করছেন কিছু কিছু বিশ্লেষক। লোকরাজ বলেন, "রাজনৈতিক দলগুলো এখন বিকল্প সরকার গঠনের জন্য উঠেপড়ে লাগবে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।" নেপালের এই সঙ্কট ২০০৬ সালের সরকার-মাওবাদী শান্তি চুক্তিতে একটি বড় ধাক্কা। এর মধ্য দিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ। সেনাপ্রধানকে বরখাস্ত করায় ক্ষুব্ধ হয়ে রোববার কমিউনিস্ট ইউএমএল পার্টি সরকার থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি শরিক সদ্ভাবনা পার্টিও সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। ওদিকে, বরখাস্ত সেনাপ্রধান কাতাওয়াল এখনও দায়িত্বে থাকলেও মন্ত্রিসভা ইতোমধ্যেই জেনারেল কুল বাহাদুর খাদকাকে সেনাপ্রধান পদে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। সাবেক মাওবাদী যোদ্ধাদের সশস্ত্রবাহিনীতে অন্তর্ভুক্ত করার নেপাল সরকারের প্রচেষ্টার বিরোধিতা করছে জেনারেলরা। বরখাস্ত জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়াল ২,৮০০ জনকে নতুন নিয়োগ দিয়েছেন এবং সরকারের সঙ্গে আলোচনা না করেই ৮ জেনারেলকে পুনর্বহাল করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি সরকারি নির্দেশ না মানার যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক নয় বলে তাকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রিসভার এক বৈঠকের পর নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা রোববার সাংবাদিকদের একথা জানান। ১৯ হাজার সাবেক মাওবাদী বিদ্রোহীকে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ক্ষমতাসীন মাওবাদী এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধের জেরে সর্বশেষ প্রধানমন্ত্রীর পদত্যাগের এ ঘটনা ঘটল। কাতাওয়াল সরকারের ওই প্রচেষ্টার বিরোধিতা করে বলেছেন, সেনাবাহিনী কারো অনুগত ক্যাডারদের দলে স্থান দিতে পারে না। কিন্তু নেপালে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সাবেক মাওবাদী যোদ্ধাদের সশস্ত্রবাহিনীতে অন্তর্ভুক্ত করাটা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৫ ঘ.