কাঠমাণ্ডৃ , মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে সেনাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে সঙ্কটের মুখে সোমবার মন্ত্রিসভা থেকে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ডর পদত্যাগে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাস্তায় বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে মাওবাদী নেতারা। নেপালের অন্যান্য দলগুলো মাওবাদীদের নিয়ে কিংবা তাদেরকে ছাড়াই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।
প্রধান বিরোধীদল নেপালি কংগ্রেস এবং মধ্যপন্থি কমিউনিস্ট পার্টি ইউএমএল দুই দলই নতুন সরকার গঠনের চেষ্টা করবে বলে জানিয়েছে। নেপালি কংগ্রেস নেতা প্রকাশ শরণ মহৎ বলেন, "আমরা জাতীয় ঐক্য সরকার চাই।"
ব্রাসেলস ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"প' এর নেপালি প্রধান রডরিক চালমার্স বলেছেন, নেপালে যেকোনও নতুন সরকারই অভ্যন্তরীন বিভেদের মুখে পড়বে এবং রাজনৈতিক প্রক্রিয়া সামনে এগিয়ে নেওয়ার কৌশলের অভাব দেখা দেবে।
তাছাড়া, নেপালে যে কোনও নতুন সরকারই এ মুহূর্তে মাওবাদীদের শক্তিশালী বিরোধিতার সম্মুখীন হবে। মাওবাদীরা এখনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশ্র"তিবদ্ধ থাকার কথা বললেও তারা নতুন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রাস্তায় বিক্ষোভ করাসহ আরও নানা কৌশল অবলম্বন করতে পারে বলে মন্তব্য করেছেন চালমার্স।
সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী প্রচণ্ড মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সশস্ত্রবাহিনীতে নতুন লোক নিয়োগ না দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করায় প্রচণ্ড রোববার প্রেসিডেন্টের অনুমোদন না নিয়েই সেনাপ্রধানকে বরখাস্ত করেন। কিন্তু তার সিদ্ধান্ত উপেক্ষা করে বরখাস্ত সেনাপ্রধান জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ প্রেসিডেন্ট রাম বরণ যাদব। তিনি এ পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দেন।
প্রেসিডেন্টের এই বিরোধিতার মুখে সোমবার টেলিভিশন ভাষণে প্রচণ্ড বলেন, "আমরা ঐকমত্যে পৌঁছার যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন শক্তি সক্রিয় রয়েছে এবং তারা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ (কাতাওয়ালকে স্বপদে বহাল রাখা) নেওয়ার জন্য প্রেসিডেন্টকে উৎসাহ যোগাচ্ছে।"
বিবিসি জানায়, প্রেসিডেন্টের পদক্ষেপ নেপালের গণতন্ত্র ও শান্তি প্রক্রিয়ার মূলে আঘাত আখ্যা দিয়ে প্রচণ্ড বলেন, দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষার্থেই তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন।
তবে নেপালের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'নেপাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ' এর প্রধান লোকরাজ বরাল বলছেন, "সরকার সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কার কারণেই প্রচণ্ড পদত্যাগ করেছেন।" সরকারের অবসান অবশ্যম্ভাবী হয়ে ওঠায় প্রচণ্ড আগেভাগেই পদত্যাগ করেছেন বলেও মনে করছেন কিছু কিছু বিশ্লেষক।
নেপালের এই সঙ্কট ২০০৬ সালের সরকার-মাওবাদী শান্তি চুক্তিতে একটি বড় ধাক্কা। এর মধ্য দিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ।
প্রধানমন্ত্রীর পদত্যাগে নতুন নির্বাচনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলেই মনে করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০০০ ঘ.
bdnews24