২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সেনাপ্রধানকে স্বপদে থাকার অনুরোধ প্রেসিডেন্টের

নেপালে বরখাস্ত সেনাপ্রধান জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ প্রেসিডেন্ট রাম বরণ যাদব। প্রেসিডেন্টের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 05:38 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

কাঠমান্ডু, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে বরখাস্ত সেনাপ্রধান জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ প্রেসিডেন্ট রাম বরণ যাদব। প্রেসিডেন্টের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। সশস্ত্রবাহিনীতে নতুন লোক নিয়োগ না দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করায় রোববার প্রেসিডেন্টের অনুমোদন না নিয়েই সেনাপ্রধানকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড। প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে ওঠে মাওবাদী সরকারের শরিক দলগুলো। এবার প্রেসিডেন্ট মাওবাদী সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে সেনা প্রধানকে স্বপদে বহাল থাকতে বলায় আরও রাজনৈতিক সঙ্কটে পড়ল নেপাল। প্রেসিডেন্টের মুখপাত্র রাজেন্দ্র দাহাল বলেন, "কাতাওয়ালকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট। সেনাপ্রধানকে বরখাস্ত করাটা বেআইনি এবং অসাংবিধানিক।" প্রেসিডেন্টের এ অবস্থানের জন্য নেপালের একটি বিরোধীদল তাকে অভিনন্দন জানিয়েছে। সেনাপ্রধানকে বরখাস্ত করায় ক্ষুব্ধ হয়ে রোববার কমিউনিস্ট ইউএমএল পার্টি সরকার থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি শরিক সদ্ভাবনা পার্টিও সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। এতে করে পার্লামেন্টে মাওবাদীদের সংখ্যাগরিষ্ঠতা কমল। ফলে তারা অনাস্থা ভোটের মুখে পড়তে পারে। কাতাওয়াল এখনও দায়িত্বে থাকলেও মন্ত্রিসভা ইতোমধ্যেই জেনারেল কুল বাহাদুর খাদকাকে সেনাপ্রধান পদে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। সরকার প্রেসিডেন্টের পদক্ষেপের সমালোচনা করেছে। প্রধানমন্ত্রী প্রচন্ডের এক সহযোগী ওম শর্মা বলেছেন, "প্রেসিডেন্টের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী এবং অর্থহীন। কারণ, মন্ত্রিসভা ইতোমধ্যেই একজন নতুন সেনাপ্রধান নিয়োগ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/ জিএনএ/এলকিউ/১৫২২ ঘ.