গাজা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং মিসরের মধ্যকার সীমান্ত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় শনিবার কমপক্ষে ২ ফিলিস্তিনি নিহত হয়েছে। দ্বিতীয় দিনের মতো সেখানকার সীমান্তবর্তী সুড়ঙ্গ পথে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হলে এ ঘটনা ঘটে।
ইসরায়েল জানিয়েছে গাজা থেকে জঙ্গিরা রকেট নিক্ষেপের পর ইসরায়েল এ হামলা চালিয়েছে।
চিকিৎসাকর্মীরা জানায় বিমান হামলার কয়েকঘণ্টা পর সেখানে পৌঁছে সেখান থেকে দুই ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে তারা। ওই দুই ব্যক্তি সেখানে ভূগর্ভস্থ সুড়ঙ্গ খোঁড়ার কাজে সম্পৃক্ত ছিল।
ইসরায়েলের দাবি ওইসব সুড়ঙ্গপথে অস্ত্র চোরাচালানি করে থাকে গাজার নিয়ন্ত্রক হামাস এর লোকজন।
মার্চের শুরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক ফিলিস্তিনির মৃত্যুর পর এটাই ইসরায়েলি হামলায় কোনো ফিলিস্তিনির মৃত্যুর প্রথম ঘটনা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, গাজা-মিসর সীমান্তবর্তী রাফাহ শহরের কাছে তিনটি সুড়ঙ্গকে লক্ষ্য করে শনিবারের ওই বিমান হামলা চালানো হয়েছে।
সীমান্তের সুড়ঙ্গপথ দিয়ে গাজায় অস্ত্র আসছে অভিযোগ করে গত শুক্রবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবারের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রায় দুই মাস পর তারা আবার গাজায় বিমান হামলা শুরু করেছে।
ইসরায়েল জানিয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে তাদের ভূখণ্ডে শনিবার তিনটি মর্টার নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গাজার জঙ্গি গ্র"প প্যালেস্টাইন রেজিসট্যান্স কমিটিস জানিয়েছে, তারাই শনিবারের মর্টার হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪১ ঘ.
bdnews24