২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সেনা প্রধান বরখাস্ত, অস্থিতিশীলতার আশঙ্কা

নেপালে রোববার সেনা প্রধানকে বরখাস্ত করেছে ক্ষমতাসীন মাওবাদীরা। সশস্ত্রবাহিনীতে নতুন লোক নিয়োগ না দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করায় তাকে বরখাস্ত করা হয়। এ পদক্ষেপে নেপালের জোট সরকার অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

কাঠমাণ্ডু, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে রোববার সেনা প্রধানকে বরখাস্ত করেছে ক্ষমতাসীন মাওবাদীরা। সশস্ত্রবাহিনীতে নতুন লোক নিয়োগ না দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করায় তাকে বরখাস্ত করা হয়। এ পদক্ষেপে নেপালের জোট সরকার অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাবেক মাওবাদী যোদ্ধাদের সশস্ত্রবাহিনীতে অন্তর্ভুক্ত করার নেপাল সরকারের প্রচেষ্টার বিরোধিতা করছে জেনারেলরা। বরখাস্ত জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়াল ২,৮০০ জনকে নতুন নিয়োগ দিয়েছেন এবং সরকারের সঙ্গে আলোচনা না করেই ৮ জেনারেলকে পুনর্বহাল করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি সরকারি নির্দেশ না মানার যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক নয় বলে তাকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রিসভার এক বৈঠকের পর নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা সাংবাদিকদের একথা জানিয়েছেন। মাহারা বলেন, "কাতাওয়ালের বিরোধিতার কারণেই মন্ত্রিসভা তাকে বরখাস্ত করেছে।" স্থানীয় টেলিভিশন স্টেশন জানিয়েছে, কাতাওয়াল তাকে বরখাস্তের পদক্ষেপ মেনে নেননি এবং তার কার্যালয়ে অন্যান্য জেনারেলদের সঙ্গে বৈঠক করছেন। বিরোদীদলগুলোসহ জোট সরকারের কয়েকটি শরিকের বিরোধিতা উপেক্ষা করে মাওবাদীরা সেনাপ্রধানকে বরখাস্ত করল। এতে করে নেপালে ২০০৬ সালের শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়েই নেপালে মাওবাদীরা রাজনীতির মূলধারায় আসে। বিশ্লেষকরা বলছেন, সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল কমিউনিস্ট ইউএমএল পার্টি সরকারের ওই সিদ্ধান্তে নাখোশ। দলটি সরকার থেকে বেরিয়েও যেতে পারে। নেপালি টাইমস সাপ্তাহিকীর সম্পাদক কুন্দা দিক্ষীত এ ঘটনায় জোট সরকার পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়ার কথা উল্লেখ করে বলেছেন, এতে করে নতুন সংবিধানও সময়মত রচিত হওয়ার সম্ভাবনা তিরোহিত হল। ১৯ হাজার সাবেক মাওবাদী বিদ্রোহীকে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ক্ষমতাসীন মাওবাদী এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধ চলে আসছে। কাতাওয়াল সরকারের এ প্রচেষ্টার বিরোধিতা করে বলেছেন, সোবাহিনী কারো অনুগত ক্যাডারদের দলে স্থান দিতে পারে না। কিন্তু নেপালে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সাবেক মাওবাদী যোদ্ধাদের সশস্ত্রবাহিনীতে অন্তর্ভুক্ত করাটা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৬ ঘ.