২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ মার্কিন প্রতিবেদনে

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টার কথা বললেও মার্কিন পররাষ্ট্র বিভাগের বার্ষিক প্রতিবেদনে ইরানকে 'সন্ত্রাসবাদ লালনে সক্রিয় রাষ্ট্র' হিসাবেই অভিহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 06:38 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ওয়াশিংটন, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টার কথা বললেও মার্কিন পররাষ্ট্র বিভাগের বার্ষিক প্রতিবেদনে ইরানকে 'সন্ত্রাসবাদ লালনে সক্রিয় রাষ্ট্র' হিসাবেই অভিহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ লালনে ইরান সবচেয়ে সক্রিয় দেশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় ভূমিকা রেখে এবং তহবিল জোগান দিয়ে ইরান মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের শান্তি প্রচেষ্টায় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও এতে অভিযোগ করা হয়। তবে প্রতিবেদনে এও বলা হয়, আল কায়েদাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য এখনও সবচেয়ে বড় হুমকি। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা কমে আসার এই সময়ে আল কায়েদা পাকিস্তানে হামলা জোরদার করেছে। এতে আরও বলা হয়, বিশ্বে সন্ত্রাসবাদ লালন এবং তা ছড়ানোর জন্য ইরানের সঙ্গে রয়েছে সিরিয়া, সুদান এবং কিউবা। এর আগের বছরের বার্ষিক প্রতিবেদনেও এই দেশগুলোর নাম ছিল। ইরানের রেভল্যুশনারী গার্ডের এলিট শাখা হিসাবে পরিচিত কুদস বাহিনীর কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা হামাস এবং ইসরায়েল বিরোধী অন্যান্য ফিলিস্তিন দলকে, লেবাননের চরমপন্থি হিজবুল্লাহ গেরিলা, ইরাক ভিত্তিক জঙ্গি ও আফগানিস্তানের তালেবান জঙ্গিদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিয়ে সহায়তা করছে। ইরান এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতি পরিচালনার অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বলেছেন, "আবু গারিব এবং গুয়ান্তানামো বেতে যুক্তরাষ্ট্র যা করেছে, এরপর অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার অধিকার তাদের নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৩ ঘ.