মস্কো, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জর্জিয়ার বিদ্রোহী অঞ্চল সাউথ ওসেটিয়া ও আবখাজিয়ার সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। জর্জিয়ায় ন্যাটোর সামরিক মহড়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে বৃহস্পতিবার অঞ্চল দুটির সঙ্গে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মস্কোর এই এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হল।
সাউথ ওসেটিয়ায় গত বছর জর্জিয়া ও রুশ বাহিনীর ছয় দিনের যুদ্ধের পর সাউথ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর অঞ্চল দুটির সঙ্গে নিরাপত্তা চুক্তি করল রাশিয়া।
জর্জিয়ায় আগামী ৬ মে থেকে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ন্যাটো। এই মহড়ার কঠোর সমালোচনা করেছেন মেদভেদেভ।
নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষরের পর মেদভেদেভ বলেন, "পশ্চিমা মিত্ররা আমাদের যতই বোঝানোর চেষ্টা করুক, পরিকল্পিত ন্যাটো সামরিক মহড়া অবশ্যই উসকানিমূলক।"
তিনি বলেন, "এর ফলে কোনো নেতিবাচক পরিস্থিতির উদ্ভব হলে, যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরই দায় বহন করতে হবে।"
নিরাপত্তা চুক্তি অনুযায়ী কমপক্ষে আগামী পাঁচ বছরের জন্য ওই অঞ্চল দুটির সীমান্তের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছে রাশিয়া। সেখানে মোতায়েন রুশ বাহিনীর সীমান্ত চৌকির ওপর অঞ্চল দুটির কোনো এখতিয়ার থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩১ ঘ.
bdnews24