সউল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ক্ষমা না চাইলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোসহ আন্তমহাদেশীয় ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
নিষেধাজ্ঞার জন্য ক্ষমা প্রর্থণা ছাড়াও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের সব প্রস্তাবনা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন পিয়ংইয়ং এর পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র। বুধবার কেসিএনএন সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওইসব প্রস্তাবনা পাস করে।
মুখপাত্র বলেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের স্বার্থ রক্ষায় অনিবার্যভাবে বাড়তি প্রতিরক্ষা পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। সেক্ষত্রে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে।"
উত্তর কোরিয়ার এই বক্তব্য সম্পর্কে দক্ষিণ কোরিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
২০০৬ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর কয়েকমাস পর পরমাণু বোমা পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ বছর ৫ এপ্রিলে উত্তর কোরিয়া দূর-পাল্লার একটি রকেট উৎক্ষেপণের পর নিরাপত্তা পরিষদ ওইসব নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.
bdnews24