২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলোকস্ট অস্বীকারকারী লেখকের ৫ বছরের কারাদণ্ড অস্ট্রিয়ায়

হলোকস্ট অস্বীকার করা এবং নাৎসী ধ্যান-ধারনার প্রচারণায় লিপ্ত থাকার অভিযোগে সোমবার এক লেখককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রিয়ার একটি আদালত। গের হোনসিক নামের ওই লেখকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বিভিন্ন বইপত্র এবং সম্পাদিত পত্রিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর 'ইহুদিনিধনযজ্ঞ' বা 'হলোকস্ট' এর ঘটনার সত্যতা স্বীকার করেন না এবং তিনি নতুন করে নাৎসী ধ্যান-ধারণার প্রচারণা চালাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ভিয়েনা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হলোকস্ট অস্বীকার করা এবং নাৎসী ধ্যান-ধারনার প্রচারণায় লিপ্ত থাকার অভিযোগে সোমবার এক লেখককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রিয়ার একটি আদালত। গের হোনসিক নামের ওই লেখকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বিভিন্ন বইপত্র এবং সম্পাদিত পত্রিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর 'ইহুদিনিধনযজ্ঞ' বা 'হলোকস্ট' এর ঘটনার সত্যতা স্বীকার করেন না এবং তিনি নতুন করে নাৎসী ধ্যান-ধারণার প্রচারণা চালাচ্ছেন। ১৯৯২ সালে তার লেখা 'অ্যাকুইটাল ফর হিটলার' বইটির জন্য অস্ট্রিয়ায় ১৮ মাসের কারাদণ্ডের শাস্তি হয় হোনসিকের। কিন্তু শাস্তির বিরুদ্ধে আপিলের শুনানিকালে পালিয়ে স্পেনে চলে যান তিনি। এরপর প্রায় ১৫ বছর স্পেনে বসবাস করছিলেন হোনিসক। সেখানে থেকেই তিনি লেখাজোখার মাধ্যমে এবং ইন্টারনেটে প্রচারণা চালিয়ে নব্য-নাৎসী ধ্যান-ধারণার বিস্তার ঘটাচ্ছিলেন । পালিয়ে যাওয়ার পর নতুনভাবে তার এসব কর্মকাণ্ডে অস্ট্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কেননা, স্পেনের আইনে হলোকস্ট অস্বীকার করা কিংবা নব্য-নাৎসী ধ্যান-ধারনার প্রচারণা আইনগতভাবে নিষিদ্ধ নয়। তবে, হোনসিকের বিরুদ্ধে দুই দফায় সর্ব-ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০০৭ সালে তাকে অস্ট্রিয়ার কাছে হস্তান্তর করে স্পেন। দেশে ফেরার পর নতুন করে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হন ৬৭ বছর বয়সী এই লেখক। 'হল্ট' নামের পত্রিকা এবং বিভিন্ন বইপত্রে তার লেখাজোখার মাধ্যমে নতুন করে জনগণের মধ্যে নাৎসী আদর্শের প্রচারণার কারণে প্রায় ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার। সরকার পক্ষের আইনজীবী স্টেফান এপোস্টল জানিয়েছেন, হোনসিকের বিরুদ্ধে আরও দীর্ঘমেয়াদী শাস্তির আবেদন জানাবেন তিনি। হোনসিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করবেন বলে জানিয়েছেন। তিনদিনের বিচার প্রক্রিয়ায় আদালতে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সোমবার তার পক্ষ থেকে উত্থাপিত প্রমাণাদি 'অপ্রাসঙ্গিক' উল্লেখ করে আদালত গ্রহণ না করলে তিনি সেখানে চিৎকার শুরু করেন এবং টেবিল চাপড়াতে থাকেন। এসময় তিনি বলেন, "আমাকেই আমার আত্মরক্ষার জন্য কথা বলার সুযোগ দেওয়া হোক। আমার হারানোর কিছুই নেই। পরিসংখ্যানের বিবেচনায় আমি আর মাত্র নয় বছর বাঁচব।" তিনি বলেন, তিনি কখনও পুরোপুরি হলোকস্ট অস্বীকার করেননি এবং বিভিন্ন গ্যাসচেম্বারে পুড়িয়ে মারাসহ সেসময় প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যার বিষয়টি নাকচ করে দেননি। তবে তিনি কেবল বলেছেন যে, তিনি নিজে সেটি যাচাই করে দেখেননি। তার আইনজীবী হারবার্ট শেলার বলেন, "শুধুমাত্র স্বাধীন মত প্রকাশের কারণেই একজন ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া একেবারেই বরদাশ্ত করা যায় না।" বাদী পক্ষের আইনজীবী এপোস্টল হোনসিককে ইউরোপের নব্য-নাৎসী প্রচারণার "অন্যতম তাত্ত্বিক নেতা" হিসেবে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, তার "বিদ্বেষ সাময়িকীটি" স্কুলগুলোতেও বিতরণ করা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২০ ঘ.